যুদ্ধে ‘দারুণ’ নেতানিয়াহু, দুর্নীতির মামলায় ক্ষমার আহ্বান ট্রাম্পের

প্রাইম বার্তা অনলাইন
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ৮:৩০ পিএম
যুদ্ধে ‘দারুণ’ নেতানিয়াহু, দুর্নীতির মামলায় ক্ষমার আহ্বান ট্রাম্পের

হোয়াইট হাউসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশংসা করেছেন। যুদ্ধকালীন পরিস্থিতি সামলাতে নেতানিয়াহুর ভূমিকাকে ‘অসাধারণ’ বলে অভিহিত করেছেন তিনি। একইসঙ্গে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহুর বিরুদ্ধে থাকা মামলায় তাকে ক্ষমা করার জোরালো দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প এসময় ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের সমালোচনা করে বলেন, দেশটির নাগরিকদের উচিত হার্জগকে লজ্জা দেওয়া, কারণ তিনি এখনও নেতানিয়াহুকে ক্ষমা করেননি। এর আগে বুধবার ওয়াশিংটনে দুই নেতার মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটি তাদের সপ্তম বৈঠক। এতে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে সম্ভাব্য চুক্তির বিষয়গুলো গুরুত্বের সাথে আলোচিত হয়।

মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে আইজ্যাক হার্জগের কার্যালয় জানিয়েছে, বিচার বিভাগের পর্যালোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট। ইসরায়েলের আইনের শাসন ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা হবে বলেও জানানো হয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালে ঘুষ ও জালিয়াতির অভিযোগে মামলা দায়ের হওয়া নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে প্রথম কোনো প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকাবস্থায় অভিযুক্ত হন, যদিও তিনি এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...