পুতিনের বাসভবনে ড্রোন হামলা: মস্কোর দাবি, কিয়েভ ও ওয়াশিংটনের অস্বীকার

প্রাইম বার্তা অনলাইন
০১ জানুয়ারি ২০২৬ ৭:২৯ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত বাসভবনে ড্রোন হামলার অভিযোগ এনে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেন নভগোরোড অঞ্চলের লেক ভালদাইয়ের কাছে অবস্থিত পুতিনের বাসভবনটিকে লক্ষ্য করে পরিকল্পিত আক্রমণ চালিয়েছিল, যা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে। এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হলেও সেটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে কিয়েভ।

রুশ সামরিক বাহিনীর মেজর জেনারেল আলেকজান্ডার রোমানেনকভ জানিয়েছেন, ইউক্রেনের সুমি ও চেরনিহিভ অঞ্চল থেকে মোট ৯১টি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছিল। তবে ইউক্রেন এই অভিযোগ একেবারেই প্রত্যাখ্যান করেছে। ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিকা সামাজিক মাধ্যমে বলেছেন, রাশিয়ার কাছে এমন কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই যা তাদের অভিযোগ সমর্থন করে। তারা মনে করে, শান্তি আলোচনা ভণ্ডুল করতেই রাশিয়া এই কাল্পনিক ঘটনা সাজিয়েছে। এমনকি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর প্রাথমিক মূল্যায়নেও বলা হয়েছে, পুতিন বা তার বাসভবনকে লক্ষ্য করে ইউক্রেন কোনো হামলার চেষ্টা করেনি। যুক্তরাষ্ট্রের ধারণা, ইউক্রেন ওই অঞ্চলের অন্য কোনো সামরিক লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা করতে পারে।

এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নববর্ষের প্রাক্কালে তিনি উভয় পক্ষকে শান্তি বজায় রাখার এবং কূটনৈতিক পথে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। সংযুক্ত আরব আমিরশাহী ও পাকিস্তানও এই ঘটনায় উদ্বিগ্ন প্রতিক্রিয়া দেখিয়েছে। তবে ইউক্রেন মনে করে, যেহেতু ঘটনাটিই ঘটেনি, তাই এ ধরণের প্রতিক্রিয়া হতাশাজনক। ভিডিওটি ভাইরাল হওয়ায় বর্তমানে বিশ্ব রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...