মার্কিন অর্থনীতিতে অনিশ্চয়তায় স্বর্ণের ঝড়, আবারও বাড়ল দাম

প্রাইম বার্তা অনলাইন
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ৬:১৬ পিএম
মার্কিন অর্থনীতিতে অনিশ্চয়তায় স্বর্ণের ঝড়, আবারও বাড়ল দাম

গত এক সপ্তাহ ধরে দর পতনের ধাক্কা সামলে আবারও ঘুরে দাঁড়ালো আন্তর্জাতিক স্বর্ণের বাজার। চলতি মাসের ১৩ তারিখ শুক্রবার এই মহামূল্যবান ধাতুর দাম ফের বৃদ্ধি পেয়েছে, যা বাজারে অস্থিরতার নতুন ইঙ্গিত দিচ্ছে। স্পট গোল্ড বা তাৎক্ষণিক লেনদেনে প্রতি আউন্স স্বর্ণের দর ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৯৮২ ডলার ৫৯ সেন্টে পৌঁছেছে। সপ্তাহের হিসাবেও এর দাম ০ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

বিশ্ববাজারে স্বর্ণের এই দর বৃদ্ধির পেছনে মূলত যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তথ্য ও ফেডারেল রিজার্ভের সুদ হার নিয়ে অনিশ্চয়তা দায়ী বলে মনে করছেন বিশ্লেষকরা। বিনিয়োগকারীরা বর্তমানে মার্কিন মুদ্রাস্ফীতির তথ্যের জন্য অপেক্ষা করছেন। যুক্তরাষ্ট্রের শক্তিশালী কর্মসংস্থানের তথ্য প্রকাশের পর সুদের হার কমার সম্ভাবনা কমে গেছে, যে কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি ঝুঁকছেন তারা। এপ্রিল মাসে ডেলিভারির জন্য নির্ধারিত স্বর্ণের ফিউচার্স চুক্তিও ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৫ হাজার ১ ডলার ৮০ সেন্টে লেনদেন হয়েছে।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব দেশীয় বাজারেও পড়ার সম্ভাবনা রয়েছে। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এই উত্থান স্থানীয় বাজারেও স্বর্ণের দাম বাড়াতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...