এপস্টাইন নথিতে ফাঁস মেডেলিনের হদিস, সঙ্গে ছিলেন জিসলেইন!
প্রায় দুই দশক আগে পর্তুগালের একটি রিসোর্ট থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া ব্রিটিশ শিশু মেডেলিন ম্যাককেনের সন্ধান নিয়ে আবারও আলোচনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের আদালতের নির্দেশে প্রকাশিত জেফ্রি এপস্টাইন ও তার সহযোগী গিজেলেইন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে অপরাধের ৩৫ লাখ পৃষ্ঠার নথিপত্রে চাঞ্চল্যকর তথ্য দেখা দিয়েছে। ওই নথিতে দাবি করা হয়েছে, মেডেলিন নিখোঁজ হওয়ার কিছুদিন পর তাকে এক নারীর সঙ্গে দেখা গিয়েছিল, যাকে দেখতে গিজেলেইনের মতো লাগছিল।
২০০৭ সালের ৩ মে পর্তুগালের আলগারভের প্রাইয়া দা লুজ রিসোর্টে বাবা-মায়ের সঙ্গে ছুটি কাটাচ্ছিল তিন বছরের মেডেলিন। ওই দিন রাতে মেডেলিনকে ঘুম পাড়িয়ে তার বাবা জেরি ও মা কেট ম্যাককেন রিসোর্টের কাছের একটি রেস্তোরাঁয় খেতে যান। কিন্তু ফিরে এসে তারা তাদের কন্যাকে আর খুঁজে পাননি। ঘটনার পর বিমানবন্দর ও সীমান্তে ব্যাপক তল্লাশি চালানো হলেও কোনো ফলাফল মেলেনি, যা আধুনিক ইতিহাসের অন্যতম আলোচিত রহস্যে পরিণত হয়।
প্রকাশিত নথির একটি ২০০৯ সালের বিবৃতি অনুযায়ী, এক বেনামী ব্যক্তি দাবি করেছেন যে, ওই বছরের সেপ্টেম্বরে একটি সড়কে এক নারী ও এক শিশুকে দেখেছিলেন তিনি। ওই শিশুর ডান চোখে মেডেলিনের মতো ‘কোলাবোমা’ বা একটি বিশেষ দাগ ছিল এবং সঙ্গে থাকা নারীর চেহারা ছিল গিজেলেইন ম্যাক্সওয়েলের মতো। সাক্ষী জানিয়েছেন, তিনি তখন বিষয়টি গুরুত্ব না দিলেও পরে এপস্টাইনের যৌন অপরাধের কাহিনী জানার পর পুলিশকে এ তথ্য জানান। এদিকে, ২০০৯ সালে বেসরকারি তদন্তকারীরা বার্সেলোনায় দেখা এক নারীর একটি স্কেচ প্রকাশ করেছিলেন, যাকে তখন ভিক্টোরিয়া বেকহ্যাম সদৃশ বলা হয়েছিল। নতুন এই নথি প্রকাশের পর ওই স্কেচ এবং গিজেলেইনের মধ্যে সম্ভাব্য যোসজশ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

