বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে ঊর্ধ্বগতি, স্থানীয় বাজারে প্রভাবের শঙ্কা

প্রাইম বার্তা অনলাইন
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ৫:২৫ পিএম
বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে ঊর্ধ্বগতি, স্থানীয় বাজারে প্রভাবের শঙ্কা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বাড়তে শুরু করেছে, যা বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে। প্রায় এক সপ্তাহ ধরে দাম কমার প্রবণতা থাকলেও শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) হঠাৎ এই দাম বৃদ্ধি পায়। বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির গুরুত্বপূর্ণ তথ্যের অপেক্ষায় থাকায় স্বর্ণে বিনিয়োগ বেড়েছে, যার প্রভাবে বাজারে এই ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।

বাজার সূত্রে জানা গেছে, স্পট গোল্ড বা তাৎক্ষণিক লেনদেনে শুক্রবার সকালে দাম ১.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪ হাজার ৯৮২ ডলার ৫৯ সেন্টে দাঁড়িয়েছে। সপ্তাহের ব্যবধানে এই দাম বৃদ্ধির হার ০.৪ শতাংশ। এছাড়া যুক্তরাষ্ট্রের এপ্রিল মাসে ডেলিভারির জন্য নির্ধারিত স্বর্ণের ফিউচার্স চুক্তিতেও দাম ১.১ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৫ হাজার ১ ডলার ৮০ সেন্টে লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের শক্তিশালী চাকরির বাজার তথ্য প্রকাশের পর ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা কমে গেছে। এর প্রভাবে বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে স্বর্ণের দিকে ঝুঁকছেন। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের এই মূল্যবৃদ্ধির প্রভাব খুব শীঘ্রই দেশীয় বাজারেও পড়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...