রমজানে আল-আকসায় নামাজে বাধা, কঠোর পদক্ষেপ ইসরায়েলের

প্রাইম বার্তা অনলাইন
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ৪:৫১ পিএম
রমজানে আল-আকসায় নামাজে বাধা, কঠোর পদক্ষেপ ইসরায়েলের

মুসলিম বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পবিত্র স্থান আল-আকসা মসজিদে আসন্ন রমজান মাসে মুসল্লিদের প্রবেশের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে ইসরায়েলি প্রশাসন। ফিলিস্তিনের সাবেক গ্র্যান্ড মুফতি শায়খ ইকরিম সাবরি জানিয়েছেন, অধিকৃত পশ্চিম তীর থেকে আসা মুসল্লিদের জন্য কোনো ছাড় দেওয়া হবে না এবং তরুণদের মসজিদে প্রবেশ করতে দেওয়া হবে না। এই সিদ্ধান্তের ফলে ধর্মপ্রাণ মানুষের মধ্যে গভীর হতাশা ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভিরের নির্দেশনায় এই কঠোর নীতি বাস্তবায়ন করা হচ্ছে। গত জানুয়ারিতে পূর্ব জেরুজালেমে নতুন পুলিশ কমান্ডার মেজর জেনারেল আভসালোম পেলেদকে নিয়োগ দেওয়ার মাধ্যমে এমন পদক্ষেপের ইঙ্গিত দেওয়া হয়। সংবাদমাধ্যম ‘দৈনিক হারেৎজ’-এর মতে, বেন-গাভিরের এই পদক্ষেপ পরিস্থিতি আরও উত্তপ্ত করতে পারে। এছাড়া পূর্ব জেরুজালেমের শতাধিক ফিলিস্তিনি বাসিন্দার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং আল-আকসার আশপাশে বাড়িঘর ভাঙচুরের ঘটনাও বৃদ্ধি পেয়েছে।

সাধারণত রমজান মাসে পশ্চিম তীর থেকে বহু ফিলিস্তিনি আল-আকসায় ইবাদত করতে আসেন। কিন্তু ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে সামরিক চেকপোস্টগুলোতে কড়াকড়ি আরোপ করা হয়। ফলে এবার জেরুজালেমে মুসল্লিদের প্রবেশ মারাত্মকভাবে সীমিত হওয়ার আশঙ্কা রয়েছে, যা স্বাভাবিক ধর্মীয় অনুশীলনে বাধা সৃষ্টি করবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...