রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে বাধা, তরুণদের নিষিদ্ধ করল ইসরায়েল
মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান বায়তুল মুকাদ্দাস বা আল-আকসা মসজিদে রমজান মাসে ইবাদতের সুযোগ কমিয়ে আনতে যাচ্ছে ইসরায়েল। এমন খবরে ফিলিস্তিনি মুসল্লিদের মাঝে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। ফিলিস্তিনের সাবেক গ্র্যান্ড মুফতি শায়খ ইকরিমা সাবরি সতর্ক করে বলেছেন, রমজানকে সামনে রেখে ইসরায়েলি কর্তৃপক্ষ এমন পদক্ষেপ নিচ্ছে যা ধর্মপ্রাণ মানুষের জন্য অত্যন্ত হতাশাজনক।
ইসরায়েলের চরমপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির আল-আকসার বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছেন বলে জানা গেছে। সম্প্রতি পূর্ব জেরুজালেমে মেজর জেনারেল আভসালোম পেলেদকে নতুন পুলিশ কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা এই শঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে। এমনকি স্থানীয় গণমাধ্যমগুলোও পর্যবেক্ষণ করে দেখছে যে, বর্তমান পরিস্থিতি আরও উত্তপ্ত করতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছেন তিনি। আগামী রমজানে মসজিদে তরুণদের প্রবেশ নিষিদ্ধ করা হবে এবং পশ্চিম তীর থেকে আসা মুসল্লিদের ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করা হবে না বলে ঘোষণা দিয়েছে ইসরায়েল।
ফলে গত বছরের তুলনায় এবার আল-আকসায় মুসল্লিদের সমাগম অনেক কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্রতি বছর পশ্চিম তীর থেকে বিপুল সংখ্যক ফিলিস্তিনি এই মসজিদে নামাজ পড়তে আসেন। কিন্তু ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে চেকপোস্টগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ইতিমধ্যেই পূর্ব জেরুজালেমের শত শত বাসিন্দার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং মসজিদ সংলগ্ন এলাকায় ঘরবাড়ি ভাঙচুরের ঘটনাও বেড়েছে।

