এপস্টেইনের সাথে সম্পর্ক: গোল্ডম্যান স্যাক্সের শীর্ষ আইন কর্মকর্তার পদত্যাগ
মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্সের প্রধান আইন কর্মকর্তা ক্যাথে রুম্মেলার পদত্যাগ করেছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাবেক কাউন্সিলর রুম্মেলারের এই সিদ্ধান্তের পেছনে বিতর্কিত ব্যবসায়ী জেফরি এপস্টেইনের সাথে তার গভীর সম্পর্ক ও যোগাযোগের বিষয়টি ফাঁস হওয়ার ভূমিকা রয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জারি করা এক বিবৃতিতে তিনি আগামী ৩০ জুন, ২০২৬ থেকে প্রতিষ্ঠানটির জেনারেল কাউন্সেল পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন।
মার্কিন বিচার বিভাগের নথি অনুযায়ী, ২০১৯ সালে এপস্টেইন গ্রেফতার হওয়ার রাতেও তাকে ফোন করেছিলেন ক্যাথে রুম্মেলার। এছাড়া অপ্রাপ্তবয়স্কদের পতিতাবৃত্তিতে প্ররোচনার দায়ে অভিযুক্ত এপস্টেইনের কাছ থেকে বিলাসবহুল হ্যান্ডব্যাগ ও ফার কোট উপহার হিসেবে গ্রহণ করেছিলেন তিনি। ব্যক্তিগত যোগাযোগে তিনি এপস্টেইনকে ‘আঙ্কেল জেফরি’ বলে সম্বোধন করতেন এবং ২০১৮ সালে পাঠানো এক ইমেইলে তাকে ‘খুবই সুন্দর ও যত্নশীল’ হিসেবে উল্লেখ করেছিলেন।
যদিও বর্তমানে এপস্টেইনকে একজন ‘দানব’ হিসেবে বর্ণনা করছেন ক্যাথে, তবে নথিপত্রে তাদের অতীতের ঘনিষ্ঠতার বহু প্রমাণ মিলেছে। ওয়াল স্ট্রিটের আইনি নীতি অনুযায়ী ক্লায়েন্টদের কাছ থেকে এমন দামী উপহার গ্রহণ সাধারণত নিরুৎসাহিত করা হয়। ২০২০ সাল থেকে গোল্ডম্যান স্যাক্সে এই দায়িত্ব পালন করা রুম্মেলারের এই পদত্যাগ বিতর্কিত ওই ব্যবসায়ীর সাথে তার সম্পর্কের জেরেই হয়েছে বলে মনে করা হচ্ছে।

