দেশের ইতিহাসে সর্ববৃহৎ চুক্তি, ফ্রান্সের কাছ থেকে ১১৪ রাফাল কিনবে ভারত
ফ্রান্সের সঙ্গে এক ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিল ভারত। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনীর তিনটি শাখার জন্য প্রায় সাড়ে তিন লাখ কোটি রুপির এক বিশাল সামরিক প্যাকেজের ছাড়পত্র দেয়। এর মাধ্যমে ফরাসি কোম্পানি দাসো এভিয়েশনের কাছ থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার পথ সুগম হলো, যা ভারতের বিমানবাহিনীর ক্ষমতা বহুগুণ বাড়াবে বলে মনে করা হচ্ছে।
এই বিশাল চুক্তির অংশ হিসেবে ১৮টি যুদ্ধবিমান সরাসরি ফ্রান্স থেকে আমদানি করা হবে এবং বাকি ৯৬টি বিমান ভারতের মাটিতেই তৈরি করা হবে। এছাড়াও এই প্যাকেজের আওতায় নৌবাহিনীর জন্য বোয়িং পি৮আই পোসেইডন নজরদারি বিমান এবং স্থলবাহিনীর জন্য অ্যান্টি-ট্যাংক মাইন কেনা হবে। সোভিয়েত আমলের পুরনো টি-৭২ ট্যাংক ও বিএমপি-২ সাজোয়া যানগুলোকে আধুনিকায়ন করার পরিকল্পনাও এতে অন্তর্ভুক্ত রয়েছে। বিমানবাহিনীর বর্তমানে ৪২টি স্কোয়াড্রন প্রয়োজন হলেও তাদের হাতে রয়েছে মাত্র ২৯টি, তাই এই নতুন যুদ্ধবিমানগুলো বিমানবাহিনীর বিদ্যমান শূন্যতা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে গত এপ্রিলে ভারত নৌবাহিনীর জন্য ২৬টি রাফাল-মেরিন জেট কেনার আদেশ দিয়েছিল। ২০২৫ সালে পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় রাফাল যুদ্ধবিমানের কার্যকারিতা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে তার এই বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি প্রাধান্য পাবে।

