বিজ্ঞাপন

ইরানকে হুমকি ট্রাম্পের, সমঝোতা না হলে আবার ‘মিডনাইট হ্যামার’

প্রাইম বার্তা অনলাইন
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২:৪০ পিএম
ইরানকে হুমকি ট্রাম্পের, সমঝোতা না হলে আবার ‘মিডনাইট হ্যামার’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যে তেহরানের সাথে কোনো রকম সমঝোতা চুক্তি না হলে তারা ফের ‘মিডনাইট হ্যামার’-এর মতো ভয়াবহ সামরিক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। ট্রাম্প বলেন, তিনি আশা করছেন আগামী মাসের মধ্যভাগেই দুই পক্ষের মধ্যে একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে; তবে তা না হলে পরিণাম হবে মারাত্মক।

প্রেসিডেন্ট ট্রাম্প জানান, চুক্তির জন্য ইরানকেই এগিয়ে আসতে হবে এবং তাদের অবশ্যই একটি সমঝোতায় পৌঁছাতে হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইরান যদি আলোচনার টেবিলে না আসে, তবে যা ঘটবে তা হবে ‘খুব ভয়ঙ্কর’। প্রসঙ্গত, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর ২০২৫ সালের জুন মাসে ইরান ও ইসরায়েলের সংঘাতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র। সে সময় তেহরানের বিরুদ্ধে ‘অপারেশন মিডনাইট হ্যামার’ পরিচালনা করেছিল মার্কিন বাহিনী। দীর্ঘদিন ধরেই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সাথে তেহরানের উত্তেজনা বিরাজ করছে।

বিজ্ঞাপন

এর আগে গত ডিসেম্বরে ইরানে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হলে তেহরানের ওপর চাপ বাড়িয়েছিল যুক্তরাষ্ট্র। যদিও গত জানুয়ারির মাঝামাঝি সময়ে বিক্ষোভ প্রশমিত হওয়ায় তৎকালীন সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকেন ট্রাম্প। কিন্তু একই সময়ে মধ্যপ্রাচ্যের আরব সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কনসহ একাধিক রণতরী মোতায়েন করে সামরিক শক্তি প্রদর্শন করে ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে ট্রাম্পের এই নতুন বক্তব্য দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে সংশয় তৈরি করেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...