বিশ্বমিডিয়ায় বিএনপির ঐতিহাসিক জয়, নতুন সরকারের পথ সুগম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের অভূতপূর্ব বিজয়ের খবর এখন আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। আল জাজিরা, রয়টার্স, বিবিসি এবং এনডিটিভির মতো সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বেসরকারি ফলাফল অনুযায়ী বিএনপি ও তাদের মিত্ররা ২০০-এর বেশি আসনে জয় লাভ করে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। এই ফলাফল ২০০১ সালের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা একে গণঅভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় হিসেবে দেখছেন।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি এককভাবে সরকার গঠনের সুস্পষ্ট পথ তৈরি করেছে। রয়টার্স জানিয়েছে, বিএনপি জোট প্রায় ২০৯টি আসন পেয়েছে, অন্যদিকে জামায়াতে ইসলামী ও তাদের মিত্ররা পেয়েছে প্রায় ৬৮টি আসন। এটি বিএনপির ইতিহাসে অন্যতম বৃহৎ বিজয়। বিবিসি এবং অন্যান্য মিডিয়া উল্লেখ করেছে যে, ছাত্র-জনতার আন্দোলনের পর অনুষ্ঠিত এই প্রথম নির্বাচনে দলটি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য ডন’ মন্তব্য করেছে যে, এই ফলাফল দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে ভূমিকা রাখবে।
এদিকে, ভূমিধস বিজয়ের পরেও আনন্দ মিছিলের পরিবর্তে দলের পক্ষ থেকে ধর্মীয় ভাবগাম্ভীর্যের আয়োজন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী মসজিদে দোয়া কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি। দলীয় সূত্র জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশের কল্যাণে এই দোয়ার আয়োজন করা হচ্ছে। গত ৩০ ডিসেম্বর ৮০ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।

