বিজ্ঞাপন

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিএনপি, বিশ্বমিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া

প্রাইম বার্তা অনলাইন
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৫ পিএম
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিএনপি, বিশ্বমিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট। বেসরকারি ফলাফল অনুযায়ী, ২১৩টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তারা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে শুরু হওয়া ফলাফল গণনায় এই ভূমিধস বিজয়ের খবর গুরুত্বের সাথে প্রকাশ করছে আল জাজিরা, রয়টার্স, বিবিসি, এনডিটিভি এবং দ্য ডন-এর মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এবং কাতারভিত্তিক আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে বিএনপি ও তার মিত্ররা ২০০-এর বেশি আসনে জয়লাভ করেছে। রয়টার্স জানিয়েছে ২০৯ আসনে জয় পেয়েছে তারা। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে এটি বিএনপির ইতিহাসে ২০০১ সালের ১৯৩ আসনের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। এছাড়াও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট প্রায় ৭০টি আসনে জয় পেয়েছে বলে খবরে প্রকাশ।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এবং পাকিস্তানের দ্য ডন জানিয়েছে, ২০২৪ সালের আন্দোলন ও জেন-জেড প্রজন্মের অংশগ্রহণের পর এটিই প্রথম নির্বাচন। এনডিটিভি জানিয়েছে, এই জয়ের মাধ্যমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এবং দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে বিজয়ের পর বিএনপির পক্ষ থেকে কোনো আনন্দ মিছিল বা সমাবেশের আয়োজন করা হবে না। শুক্রবার জুমার নামাজের পর সারাদেশের মসজিদে দোয়া কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি। গত ৩০ ডিসেম্বর ৮০ বছর বয়সে মারা যাওয়া দলটির চেয়ারপার্সন খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশবাসীর কল্যাণ কামনা করে এই দোয়া অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...