বিএনপির ঐতিহাসিক বিজয়, বিশ্বমিডিয়াতেও ব্যাপক আলোচনা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে জয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং তাদের মিত্ররা। বিএনপি নেতৃত্বাধীন জোট দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্টতা অর্জনের মাধ্যমে নতুন সরকার গঠনের স্পষ্ট পথ তৈরি করেছে, যা দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। ছাত্র আন্দোলনের পর অনুষ্ঠিত এই নির্বাচনে দলটির এই বিপুল বিজয় নির্বাচনী ইতিহাসে অনন্য এক দৃষ্টান্ত হিসেবে স্বীকৃত।
বিশ্বের বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যম বাংলাদেশের এই নির্বাচনী ফলাফল নিয়ে বিস্তারিত খবর প্রকাশ করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বিএনপি ও তাদের জোট ২১১টি আসনে জয়লাভ করে সংসদে স্পষ্ট সংখ্যাগরিষ্টতা অর্জন করেছে। অন্যদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় টেলিভিশনের বরাত দিয়ে জানিয়েছে, বিএনপি নেতৃত্বাধীন জোট ২০৯টি আসনে জয়ী হয়েছে। বিবিসি বাংলা এবং ভারতের এনডিটিভি প্রতিবেদনে উল্লেখ করেছে যে, ২০২৪ সালের আন্দোলনের পরে এটিই প্রথম নির্বাচন এবং এতে বিএনপির এই বিজয় তাদের জন্য ঐতিহাসিক প্রত্যাবর্তন বয়ে এনেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য ডন’ও দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক স্থিতিশীলতা ফেরার প্রেক্ষাপটে এই ফলাফলকে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছে।
এদিকে, বিজয়ের পর বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের আনন্দ মিছিল বা জমায়েতের আয়োজন করা হবে না বলে জানানো হয়েছে। দলটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী মসজিদগুলোতে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হবে। গত ৩০ ডিসেম্বর ৮০ বছর বয়সে মারা যাওয়া দলের সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে এই দোয়া অনুষ্ঠিত হবে।

