পুরোনোকে বিদায়, নতুন বছরে মত্ত বাঙালি, উপচে পড়া ভিড় রাস্তায়

প্রাইম বার্তা অনলাইন
০১ জানুয়ারি ২০২৬ ৬:১৩ পিএম
পুরোনোকে বিদায়, নতুন বছরে মত্ত বাঙালি, উপচে পড়া ভিড় রাস্তায়

বিদায় বিক্ষোভের দোলা কাটিয়ে নতুনের আগমনে উৎসবমুখর হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। চলতি বছরের প্রথম দিন অর্থাৎ বৃহস্পতিবার (১ জানুয়ারি) কর্মব্যস্ততার বদলে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গেছে উৎসবের আমেজ। ছুটির দিন হওয়ায় সকাল থেকেই রাস্তাঘাটে মানুষের ঢল নামে।

কলকাতার বিখ্যাত দর্শনীয় স্থানগুলো যেন কানায় কানায় পূর্ণ। ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইকো পার্ক, নিকো পার্ক, সায়েন্স সিটি বা বোটানিক্যাল গার্ডেন—সর্বত্রই দেখা গেছে দর্শনার্থীদের ভিড়। শহরের বিনোদনকেন্দ্র পার্ক স্ট্রিট ও নিউমার্কেট এলাকাতেও বাড়তি ভিড় ছিল লক্ষ্য করা। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে এইসব স্থানে পুলিশ ও কুইক রেসপন্স টিমের কড়া প্রহরা বসানো হয়েছে।

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়েও বছর শুরু করেছেন অনেকে। দক্ষিণেশ্বর, কালীঘাট, আদ্যাপীঠ ও কাশিপুর উদ্যানবাটিতে ভোর থেকেই ভক্তদের সমাগম শুরু হয়। দক্ষিণেশ্বর মন্দিরে পূজা দিতে আসা প্রকৃতি চৌধুরী জানান, বছরের শুরুতে মায়ের চরণে প্রণাম করতে এসেছেন তিনি। তিনি বলেন, মায়ের দর্শন দিয়ে দিনটি শুরু করতে পেরে ভালো লাগছে এবং সারা বছর যেন ভালো কাটে, সেই প্রার্থনাই করছেন। ব্যারাকপুর পুলিশ কমিশনার মুরলিধরন শর্মা জানিয়েছেন, ভোর ৩টা থেকেই মন্দিরে ভক্তদের আনাগোনা শুরু হয়ে যায়।

শুধু শহর কেন্দ্রিক নয়, সমুদ্র উপকূল থেকে শুরু করে পাহাড়ি অঞ্চল—সর্বত্রই পর্যটকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দিঘা, তাজপুর, মন্দারমনি সৈকতে এবং শান্তিনিকেতন, অযোধ্যা পাহাড়েও বেড়াতে বেরিয়েছেন হাজার হাজার মানুষ। আট থেকে আশি—সব বয়সীরাই এই উৎসবে শামিল হয়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...