২০২৬ সালে ভারত-পাক যুদ্ধের আশঙ্কা, সতর্ক মার্কিন গবেষণা সংস্থা

প্রাইম বার্তা অনলাইন
৩১ ডিসেম্বর ২০২৫ ৪:১৩ পিএম
২০২৬ সালে ভারত-পাক যুদ্ধের আশঙ্কা, সতর্ক মার্কিন গবেষণা সংস্থা

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী থিংকট্যাংক কাউন্সিল অন ফরেন রিলেশন্স (সিএফআর) সতর্ক করে দিয়েছে যে, সন্ত্রাসী কার্যকলাপের প্রভাবে ২০২৬ সাল নাগাদ দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও সশস্ত্র সংঘাত দেখা দিতে পারে। বিশ্লেষকদের মতে, উচ্চ মাত্রার জঙ্গি হামলা এই দুই পারমাণবিক শক্তিধর দেশকে একটি ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে, যা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করবে।

চলতি বছরের মে মাসে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বেশ কয়েকদিন ধরে চলেছিল। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ৬ মে ভারতীয় বাহিনী ‘অপারেশন সিন্দুর’ পরিচালনা করে এবং দাবি করে যে তারা পাকিস্তানের ভেতরে ১০০ জনের বেশি জঙ্গি ও নয়টি শিবির ধ্বংস করেছে। পাল্টা পদক্ষেপ হিসেবে ৭ থেকে ১০ মে পর্যন্ত পাকিস্তান ভারতের বিভিন্ন সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। পাকিস্তানি কর্তৃপক্ষের দাবি, এই সংঘাতে তারা ভারতের সাতটি যুদ্ধবিমান, যার মধ্যে তিনটি রাফাল, একটি সু-৩০ এবং একটি মিগ-২৯ রয়েছে, ভূপাতিত করতে সক্ষম হয়েছে। পরে দুই পক্ষের উচ্চ পর্যায়ের যোগাযোগের পর ১০ মে নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি বন্ধ হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আফগানিস্তান সীমান্তেও পাকিস্তানের সাথে উত্তেজনা বাড়ছে। তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) বিরুদ্ধে পাকিস্তানের বিমান হামলার পর আফগানিস্তান কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে। সিএফআর মনে করছে, আফগানিস্তান থেকে জঙ্গি হামলা বাড়লে ২০২৬ সালে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যেও মাঝারি মাত্রার যুদ্ধ হতে পারে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তার হস্তক্ষেপেই ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি এসেছে, তবে ভারত এই দাবি প্রত্যাখ্যান করেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...