উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের ভোট দেখে মুগ্ধ বিদেশি পর্যবেক্ষকরা

প্রাইম বার্তা অনলাইন
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৩ পিএম
উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের ভোট দেখে মুগ্ধ বিদেশি পর্যবেক্ষকরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। গণ-অভ্যুত্থানের মাধ্যমে ১৫ বছরের শাসন ব্যবস্থার পরিবর্তনের পর এবারই প্রথম নতুন সরকার গঠনে ভোট প্রয়োগ করলো দেশবাসী। কেন্দ্রগুলোতে বিরাজমান শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ এবং ভোটারদের ব্যাপক উৎসাহ বিদেশি প্রতিনিধিদের নজর কেড়েছে।

ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রধান ও সাবেক মার্কিন কংগ্রেস সদস্য ডেভিড ড্রেয়ার ঢাকার মানারাত ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ভোটগ্রহণ অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর হয়েছে। সাধারণ মানুষের মধ্যে যে আনন্দ ও উদ্দীপনা তিনি লক্ষ্য করেছেন তা অভাবনীয়। একইসাথে পাকিস্তান নির্বাচন কমিশনের মহাপরিচালক নিঘাত সিদ্দিকী বাংলাদেশ নির্বাচন কমিশনের ব্যবস্থাপনার প্রশংসা করে বলেছেন, নারী, তরুণ ও প্রবীণ ভোটারদের দীর্ঘ লাইন নির্বাচনের সাফল্যের সাক্ষ্য বহন করছে।

নির্বাচন কমিশনের তথ্য মতে, এবার ৩৯৪ জন বিদেশি পর্যবেক্ষক ও ১৯৭ জন সাংবাদিক দায়িত্ব পালন করছেন। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১০ লাখেরও বেশি সদস্যের নিরাপত্তায় ভোটগ্রহণ চলে। ৩৬ হাজারেরও বেশি কেন্দ্রে বিকেল পর্যন্ত গড় ভোটার উপস্থিতি ছিল ৪৭.৯ শতাংশ। মোট ১২ কোটি ৭৬ লাখ ভোটারের জন্য মোট ২ হাজার ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ না নিতে পারায় মূল লড়াই বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের মধ্যে সীমাবদ্ধ রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...