নিজ দলের বিদ্রোহে ক্ষুব্ধ ট্রাম্প, রিপাবলিকানদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য নীতির বিরোধিতা করেছেন দলের ছয় জন সদস্য। কানাডার ওপর আরোপিত শুল্ক বাতিলের পক্ষে ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দেওয়ার ঘটনায় রিপাবলিকান পার্টিতে বিভাজন স্পষ্ট হয়ে ধরা পড়েছে। নিজ দলের এই সদস্যদের ভোটাভুটিতে বিরোধিতা করায় তাদের উদ্দেশ্যে ‘গুরুতর পরিণতি’র হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
শুল্ক প্রত্যাহারের পক্ষে ভোট দানকারী রিপাবলিকানরা হলেন—থমাস ম্যাসি, ডন বেকন, কেভিন কাইলি, জেফ হার্ড, ব্রায়ান ফিটজপ্যাট্রিক এবং ড্যান নিউহাউস। তাঁদের অভিযোগ, এই শুল্ক নীতির কারণে তাঁদের নিজ নিজ অঙ্গরাজ্যের কৃষক ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ডন বেকন স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কংগ্রেসের সদস্যরা হোয়াইট হাউসের কোনো ‘রাবার স্ট্যাম্প’ নন এবং শুল্ক আরোপের সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার হোয়াইট হাউসের বদলে কংগ্রেসের হাতে থাকা উচিত। ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যারা শুল্কের বিরোধিতা করছেন তারা আগামী নির্বাচনে এবং প্রাইমারি চ্যালেঞ্জের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন।
এর আগে সিনেটেও একই ধরণের প্রস্তাব সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়েছে। যদিও স্পিকার মাইক জনসন দাবি করেছেন যে প্রেসিডেন্ট এ নিয়ে খুব একটা ক্ষুব্ধ নন এবং প্রয়োজনে ভেটো ক্ষমতা প্রয়োগ করা হতে পারে, তবে প্রস্তাবটি কার্যকর করতে হলে প্রতিনিধি পরিষদে দুই-তৃতীয়াংশ সমর্থনের বাধ্যবাধকতা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনা ট্রাম্পের বাণিজ্য নীতি নিয়ে রিপাবলিকান দলের অভ্যন্তরে বিদ্যমান অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।

