রাশিয়ায় হোয়াটসঅ্যাপ বন্ধের ঘোষণা, বাধ্যতামূলক রাষ্ট্রীয় অ্যাপ ‘ম্যাক্স’
রুশ আইন অমান্যের অভিযোগে দেশটিতে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে পুতিন প্রশাসন। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি জানান, স্থানীয় আইনি কাঠামো মানতে অস্বীকৃতি জানানোর কারণে এমন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে মস্কো।
সরকারের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপের পরিবর্তে ‘ম্যাক্স’ নামক রাষ্ট্রীয় অ্যাপ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এই অ্যাপের মাধ্যমে মেসেজিং, অনলাইনে সরকারি সেবা গ্রহণ এবং আর্থিক লেনদেনের সুযোগ থাকবে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে, ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় ‘ম্যাক্স’-এ হোয়াটসঅ্যাপের মতো এন্ড-টু-এন্ড এনক্রিপশন নিরাপত্তা ব্যবস্থা নেই। এর ফলে এই প্ল্যাটফর্মে রাষ্ট্রীয় নজরদারির ঝুঁকি তৈরি হতে পারে, যেখানে প্রয়োজনে ব্যবহারকারীদের তথ্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ভাগ করে নেওয়া হবে।
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এই পদক্ষেপকে পশ্চাদগামী বলে অভিহিত করেছে। তাদের দাবি, এর ফলে প্রায় ১০ কোটি মানুষ নিরাপদ ও ব্যক্তিগত যোগাযোগ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হলেন। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, সেন্সরশিপ ও নজরদারি বৃদ্ধির এটিই মূল কৌশল। ইতোমধ্যে মার্কিন প্রতিষ্ঠান মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি সন্ত্রাসবাদ ও প্রতারণা রোধে তথ্য প্রদানে ব্যর্থতার কারণে গত বছর থেকেই রাশিয়ার সমালোচনার মুখে ছিল।

