যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব ছাড়া ভোটে নিষেধাজ্ঞা আনতে বিল পাস
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ নামের একটি নতুন বিল অনুমোদন পেয়েছে। এর মাধ্যমে আগামী নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ভোট দেওয়ার আগে ভোটারদের বাধ্যতামূলকভাবে নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া থেকে বাঁচতেই এই কৌশল নেয়া হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।
গত বুধবার (১১ ফেব্রুয়ারি) রিপাবলিকানদের সমর্থনে বিলটি ২১৮-২১৩ ভোটে পাস হয়। এখন এটি চূড়ান্ত অনুমোদনের জন্য রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে পাঠানো হবে। ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ বা ‘সেইভগার্ড আমেরিকান ভোটার এলিজিব্লিটি’ আইনে বলা হয়েছে, কোনো ভোটার কেবল বৈধ মার্কিন পাসপোর্ট বা জন্ম সনদ দেখিয়ে নাগরিকত্ব প্রমাণ করতে পারলেই কেবল ভোট দেওয়ার সুযোগ পাবেন। এছাড়া ভোটার নিবন্ধনের সময় এই নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে।
রিপাবলিকানদের দাবি, ভোটার প্রতারণা বন্ধ করতে এই পদক্ষেপ অত্যাবশ্যক। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও ডোনাল্ড ট্রাম্প অবৈধ ভোটারদের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। অন্যদিকে ডেমোক্র্যাটরা অভিযোগ করেছেন, এই আইন ট্রাম্পের ক্ষমতা কেন্দ্রীভূত করার হাতিয়ার হিসেবে কাজ করবে এবং লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার হরণ করবে। বিশেষ করে বিবাহের পর নাম পরিবর্তন করা প্রায় ৬৯ মিলিয়ন নারী ও ৪ মিলিয়ন পুরুষের ক্ষেত্রে জন্মসনদের সাথে বর্তমান নাম না মেলায় ভোট দেওয়া অনেক বেশি কঠিন হবে।

