পুতিনের বাসভবনে ৯১ ড্রোন হামলার অভিযোগ, নাকচ কিয়েভের
মস্কো অভিযোগ করেছে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ইউক্রেন ৯১টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। তবে মস্কোর এই গুরুতর অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে কিয়েভ এবং একে শান্তি আলোচনায় বাধা দেওয়ার চক্রান্ত বলে অভিহিত করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, তারা পুতিনের বাসভবনে এমন কোনো হামলা চালায়নি এবং এটি রাশিয়ার মিথ্যাচার মাত্র।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ সোমবার এক বিবৃতিতে দাবি করেছেন, রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় নভগোরোদে অবস্থিত প্রেসিডেন্টের রাষ্ট্রীয় বাসভবনটি লক্ষ্য করে এই ড্রোন হামলা পরিচালিত হয়েছিল। তবে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকায় ছোড়া সবগুলো ড্রোনই আটকে দেওয়া হয় এবং ধ্বংস করা হয়েছে। সৌভাগ্যবশত এই হামলায় কোনো প্রাণহানি বা বস্তুগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, যদিও ওই সময় পুতিন কোথায় ছিলেন তা নিশ্চিত করা যায়নি।
অন্যদিকে জেলেনস্কি রাশিয়ার এই অভিযোগকে ‘মিথ্যাচার’ বলে উড়িয়ে দিয়ে বলেছেন, ইউক্রেনের ওপর আগ্রাসন চালানোর অজুহাত হিসেবেই এসব অভিযোগ আনা হচ্ছে। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে রাশিয়াকে বাধা দিতে দেওয়া যাবে না এবং বিশ্ববাসী এবিষয়ে চুপ করে থাকবে না। এদিকে, এই ঘটনার প্রেক্ষাপটে রাশিয়া জানিয়েছে তারা শান্তি আলোচনায় তাদের অবস্থান পর্যালোচনা করবে, তবে যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক আলোচনা থেকে সরে আসার কোনো পরিকল্পনা তাদের নেই।

