কিম জং উনের পর ক্ষমতায় আসছেন মেয়ে জু আ, জানাল গোয়েন্দা সংস্থা

প্রাইম বার্তা অনলাইন
১২ ফেব্রুয়ারি ২০২৬ ৬:১৫ পিএম
কিম জং উনের পর ক্ষমতায় আসছেন মেয়ে জু আ, জানাল গোয়েন্দা সংস্থা

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে জানা গেছে, উত্তর কোরিয়ার শাসক কিম জং উন তার কন্যা কিম জু আ-কে রাষ্ট্রীয় ক্ষমতার উত্তরাধিকারী হিসেবে তৈরি করছেন। গত বৃহস্পতিবার এক গোপন বৈঠকে দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতাদের এই তথ্য জানানো হয়। পরে রাজনীতিবিদ পার্ক সুন-ওন এবং লি সিওং সাংবাদিকদের জানান, পিয়ংইয়ংয়ের সামরিক দিবস উদযাপন ও কুমসুসান প্যালেস পরিদর্শনের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে জু আ-র উপস্থিতি এবং দেশের নীতিমালা নিয়ে তার মতামত প্রকাশ এই ধারণাকে জোরদার করেছে।

উত্তর কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে একটি হলো কুমসুসান প্যালেস অব দ্য সান, যেখানে কিম ইল সাং এবং কিম জং ইল-এর সমাধি অবস্থিত। এর আগে ২০২৪ সালের ২৯ ডিসেম্বর কিম জং উন এবং তার কন্যা ওনসানের কালমা কোস্টাল পর্যটন এলাকাতেও সফর করেছিলেন।

বিশ্লেষকদের মতে, চলতি মাসে শাসক দল ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে যদি কিম জু আ উপস্থিত হন এবং কোনো পদ গ্রহণ করেন, তবে তার উত্তরাধিকার নির্বাচিত হওয়ার বিষয়টি আরও পরিষ্কার হবে। এর মাধ্যমে কিম পরিবারের তৃতীয় প্রজন্মের হাতেই দেশের নিয়ন্ত্রণ তুলে দেওয়ার পথ সুগম হবে বলে মনে করছেন তারা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...