মোদি সরকার ভারত মাতাকে বিক্রি করেছে: মার্কিন চুক্তি নিয়ে রাহুলের বিস্ফোরক অভিযোগ
লোকসভায় কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনার সময় বিরোধী দলনেতা রাহুল গান্ধী বুধবার মোদি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের সাথে সম্প্রতি স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তিকে ‘একতরফা’ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন যে, এই চুক্তির মাধ্যমে সরকার দেশের সার্বভৌমত্ব ও স্বার্থ বিসর্জন দিয়েছে। রাহুল গান্ধী বলেন, দেশের স্বার্থ রক্ষার কথা ভেবে নয়, বরং ‘ভারত মাতাকে বিক্রি’ করার জন্যই এই চুক্তি করা হয়েছে।
রাহুল গান্ধী এই পদক্ষেপকে ভারতের জন্য এক প্রকার ‘পাইকারি আত্মসমর্পণ’ হিসেবে বর্ণনা করেছেন। তার অভিযোগ, এর ফলে ভারতের জ্বালানি নিরাপত্তা এখন আমেরিকার হাতে চলে গেছে। এমনকি ভারত ভবিষ্যতে কোন দেশ থেকে তেল আমদানি করবে, তা নির্ধারণের ক্ষমতাও ওয়াশিংটনের হাতে বর্তিয়ে গেছে। কৃষকদের স্বার্থের কথা তুলে ধরে তিনি সতর্ক করে দেন যে, যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যে ভারতীয় বাজার ভরে গেলে দেশের কৃষকরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন এবং একইসাথে দেশীয় বস্ত্রশিল্পেরও সর্বনাশ হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ‘যুদ্ধের যুগ শেষ’ এই ধারণাকে ভুল প্রমাণিত করে রাহুল গান্ধী বলেছেন, বিশ্ব বর্তমানে যুদ্ধের দিকেই এগিয়ে যাচ্ছে। তিনি দৃঢ়ভাবে দাবি করেছেন, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সাথে সমান মর্যাদায় কথা বলত। খাদ্য নিরাপত্তা, তথ্য সুরক্ষা এবং জ্বালানি ব্যবস্থাকে সুরক্ষিত রাখার ওপর এই সংকটময় মুহূর্তে তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।

