ফ্রান্সে গ্রেপ্তার ৭৯ বছরের শিক্ষক, ৬২ বছরে ৮৯ শিশুকে ধর্ষণের অভিযোগ
ফ্রান্সের কারাগারে ৭৯ বছর বয়সী এক অবসরপ্রাপ্ত শিক্ষক বিচারের অপেক্ষায় আটক আছেন। প্রাক্তন এই শিক্ষক জ্যাক লেভেউগ্ল-এর বিরুদ্ধে ১৯৬০-এর দশক থেকে ২০২২ সাল পর্যন্ত ছয় দশকেরও বেশি সময় ধরে ৮৯ শিশুকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। গত এপ্রিল থেকে তিনি হাজতবাস করছেন। আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, তিনি একজন সিরিয়াল যৌন অপরাধীর ক্লাসিক দৃষ্টান্ত।
গ্রেনোবল শহরের প্রসিকিউটর এতিয়েন মান্তক্স জানিয়েছেন, লেভেউগ্ল তার কর্মজীবনে জার্মানি, সুইজারল্যন্ড, মরক্কো, নাইজার, আলজেরিয়া, ফিলিপাইন, ভারত, কলম্বিয়া এবং ফ্রান্সের নিউ ক্যালেডোনিয়াতে কাজ করেছেন। আনুষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা না থাকলেও তিনি বিভিন্ন দেশে শিক্ষক, গৃহশিক্ষক এবং যুব শিবিরে ক্রীড়া পরিদর্শক হিসেবে কাজ করেছেন। প্রসিকিউটর বলেন, তিনি সংস্কৃতিবান ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন এবং শিশুদের সহজেই নিজের নিয়ন্ত্রণে নিতে পারতেন।
মামলাটি উন্মোচনের মূল চাবিকাঠি ছিল লেভেউগ্ল-এর নিজের লেখা ১৫ খণ্ডের স্মৃতিকথা। তার এক ভাগ্নে একটি ইউএসবি ড্রাইভে এই ডিজিটাল দলিল খুঁজে পেয়ে কর্তৃপক্ষকে হস্তান্তর করেন। এ থেকে ১৯৬৭ থেকে ২০২২ সালের মধ্যে ১৩ থেকে ১৭ বছর বয়সী ৮৯ জন ভুক্তভোগীকে শনাক্ত করা সম্ভব হয়েছে। এছাড়া লেভেউগ্ল পুলিশকে স্বীকার করেছেন যে তিনি বালিশ দিয়ে শ্বাসরোধ করে তার মা ও খালাকে হত্যা করেছেন।
ফরাসি কর্তৃপক্ষ এখন আন্তর্জাতিক পর্যায়ে সম্ভাব্য ভুক্তভোগী ও সাক্ষীদের খোঁজ করছে। জেন্ডারমারি অনলাইনে আবেদন জারি করে বিভিন্ন বয়সে লেভেউগ্ল-এর ছবি ও তার বসবাসকৃত দেশের তালিকা প্রকাশ করেছে। তবে প্রসিকিউশন এত দীর্ঘ সময়ের ব্যবধান এবং বিশাল ভৌগোলিক পরিধির কারণে যথেষ্ট প্রমাণ সংগ্রহে হিমশিম খাচ্ছে।

