আলাস্কা বৈঠকের শান্তি পরিকল্পনা নষ্ট করছে ইউক্রেন: লাভরভ

প্রাইম বার্তা অনলাইন
১১ ফেব্রুয়ারি ২০২৬ ৮:৩৭ পিএম
আলাস্কা বৈঠকের শান্তি পরিকল্পনা নষ্ট করছে ইউক্রেন: লাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ অভিযোগ করেছেন যে, যুদ্ধ বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগ ব্যর্থ করতে উঠেপড়ে লেগেছে ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। তার দাবি, ২০২৫ সালের আগস্টে আলাস্কার অ্যাংকরেজে যে প্রেসিডেন্সিয়াল পর্যায়ের শান্তি প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল, সেটি ধ্বংস করার কাজ করছে কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা।

গত বুধবার (১১ ফেব্রুয়ারি) ‘এমপাথি অফ মানুচি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে লাভরভ জানান, বর্তমানে ইউরোপে কোনো শান্তি উদ্যোগই দেখা যাচ্ছে না। এ সময় তিনি সরাসরি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তার সমর্থক দেশগুলোর—বিশেষ করে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স ও বাল্টিক অঞ্চলের রাষ্ট্রগুলোর—ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, এই দেশগুলোর কারণেই আমেরিকার তৈরি করা শান্তির নথিপত্র বাস্তবায়ন আটকে গেছে।

নিরাপত্তা ইস্যুতে মস্কোর অবস্থান ব্যাখ্যা করে রুশ মন্ত্রী জানান, ইউক্রেন আসলে রাশিয়ার সঙ্গে পারস্পরিক নিরাপত্তা চায় না, তারা পশ্চিমাদের কাছ থেকে সামরিক গ্যারান্টি আদায় করতে চায়। লাভরভ একে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও উস্কানিমূলক আখ্যা দিয়ে বলেছেন, এর ফলে সামান্যতম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই স্বয়ংক্রিয়ভাবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হবে। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, লাখ লাখ মানুষের জীবন বিপন্ন করে এমন কোনো চুক্তি রাশিয়া মেনে নেবে না।

এছাড়া জাতিসংঘের ভূমিকা প্রসঙ্গেও কথা বলেছেন সের্গেই লাভরভ। তিনি জাতিসংঘ সচিবালয়ের বিরুদ্ধে ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বৈত নীতি অবলম্বনের অভিযোগ এনেছেন। তার ভাষ্য, রাষ্ট্রগুলোর অর্থনৈতিক অবস্থান নির্বিশেষে ভৌগোলিক সমতার ভিত্তিতে বিশ্ব সংস্থাটি পুনর্গঠনের প্রয়োজন রয়েছে, যাতে কোনো দেশ ধনী বা দরিদ্র হওয়ার কারণে বৈষম্যের শিকার না হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...