ইউক্রেনের পাশে ইউরোপ, ১০৭ বিলিয়ন ডলারের বিশাল ঋণ অনুমোদন

প্রাইম বার্তা অনলাইন
১১ ফেব্রুয়ারি ২০২৬ ৮:০৩ পিএম
ইউক্রেনের পাশে ইউরোপ, ১০৭ বিলিয়ন ডলারের বিশাল ঋণ অনুমোদন

ইউক্রেনকে প্রায় ১০৭ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা দেওয়ার পথ পরিষ্কার করেছে ইউরোপীয় সংসদ। যুদ্ধকবলিত দেশটির অভ্যন্তরীণ জনসেবা টিকিয়ে রাখা এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও বলিষ্ঠ করার লক্ষ্যেই এই বিশাল অঙ্কের আর্থিক প্যাকেজ অনুমোদন করা হয়েছে।

এই আর্থিক সহায়তার মোট অর্থ দুটি প্রধান খাতে ভাগ করে দেওয়া হবে। এর মধ্যে ৩৫ দশমিক ৮ বিলিয়ন ডলার ম্যাক্রো-ফাইন্যান্সিয়াল সহায়তা হিসেবে দেওয়া হবে। অন্যদিকে, নিজস্ব ও ইউরোপীয় প্রতিরক্ষা শিল্প থেকে সামরিক সরঞ্জাম এবং প্রযুক্তি ক্রয়ের জন্য ৭১ দশমিক ৫ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। ইইউ কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লায়েন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, ইউক্রেনের সাহস অটুট এবং ইউরোপ আজও ও আগামীদিনেও তাদের পাশে থাকবে, কারণ একটি শক্তিশালী ইউক্রেনই পুরো ইউরোপকে নিরাপদ রাখবে।

ইউরোপীয় সংসদের প্রেসিডেন্ট রোবার্টা মেটসোলা এই ভোটকে ইউক্রেনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনরেখা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এটি অপরিহার্য সেবাসমূহের ধারাবাহিকতা নিশ্চিত এবং দেশটির প্রতিরক্ষা শক্তি বৃদ্ধিতে মূল ভূমিকা রাখবে। এই তহবিলের প্রথম কিস্তি ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে ছাড়া হবে, তবে তার আগে ইইউ কাউন্সিলের আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে পুঁজিবাজার থেকে ঋণ তুলে ২০২৬ ও ২০২৭ সালের অর্থায়নের পরিকল্পনাটি চূড়ান্ত করা হয়েছিল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...