চীনকে টেক্কা দিতে ঢাকায় নতুন অস্ত্রের অফার যুক্তরাষ্ট্রের

প্রাইম বার্তা অনলাইন
১১ ফেব্রুয়ারি ২০২৬ ৫:২৯ পিএম
চীনকে টেক্কা দিতে ঢাকায় নতুন অস্ত্রের অফার যুক্তরাষ্ট্রের

দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে এগিয়ে আসতে চায় যুক্তরাষ্ট্র। ঢাকায় বেইজিংয়ের কূটনৈতিক তৎপরতায় উদ্বেগ প্রকাশ করে ওয়াশিংটন বাংলাদেশের নবনির্বাচিত সরকারের কাছে চীনা সামরিক হার্ডওয়্যারের বিকল্প হিসেবে নিজেদের ও মিত্রদের প্রতিরক্ষা সামগ্রী সরবরাহের প্রস্তাব দিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে এই কৌশলগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

২০২৪ সালের আগস্টে জেন-জি আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর এ অঞ্চলে ভূ-রাজনৈতিক সমীকরণ বদলে গেছে। এই সুযোগে চীন ভারত সীমান্তে ড্রোন কারখানা স্থাপনের চুক্তি করেছে এবং পাকিস্তানের সঙ্গে যৌথভাবে তৈরি জেএফ-১৭ যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। ঢাকায় নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশের সামরিক চাহিদা পূরণে চীনা সরঞ্জামের বিকল্প হিসেবে তারা ঢাকার সামনে নিজস্ব ও অন্যান্য পশ্চিমা দেশগুলোর বিকল্প তুলে ধরেছেন। তবে চীন দাবি করেছে, তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক তৃতীয় কোনো পক্ষের বিরুদ্ধে নয়।

প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি বাণিজ্যিক খাতেও নতুন সরকারের সাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন জানিয়েছেন, অনেক মার্কিন বিনিয়োগকারী বাংলাদেশে আসার ব্যাপারে আগ্রহী তবে তারা পরিষ্কার নীতিমালার অপেক্ষায় রয়েছেন। ১৭ কোটি ৫০ লাখ জনবসতিপূর্ণ বাংলাদেশে উচ্চ কর ও মুনাফা প্রত্যাবর্তনের জটিলতার কারণে বড় কোনো মার্কিন কোম্পানি নেই। যুক্তরাষ্ট্র আশা করছে, নির্বাচনের পর গঠিত সরকারের সাথে তারা অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক আরও জোরদার করতে পারবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...