ইরান সংকটের মধ্যে কাতারে মার্কিন প্যাট্রিয়ট মিসাইল মোতায়েন
ইরানের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন ও সামরিক উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ মার্কিন ঘাঁটি কাতারের আল-উদেইদে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বসিয়েছে যুক্তরাষ্ট্র। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের মাধ্যমে জানা গেছে, গত জানুয়ারি থেকে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় ক্ষেপণাস্ত্রগুলোকে স্থায়ী পজিশনের পরিবর্তে দ্রুত চলাচলযোগ্য ট্রাক-ভিত্তিক লঞ্চারে সরিয়ে নেওয়া হয়েছে।
ফরেনসিক ইমেজারি বিশ্লেষক উইলিয়াম গুডহাইন্ড জানিয়েছেন, ফেব্রুয়ারির শুরুতে আল-উদেইদ ঘাঁটিতে এম৯৮৩ হেভি এক্সপ্যান্ডেড মোবিলিটি ট্যাকটিক্যাল ট্রাকে (এইচইএমটিটি) এই মিসাইল সিস্টেমগুলো স্থাপন করা হয়েছে। ট্রাকের ওপর মিসাইল থাকায় সেগুলো প্রয়োজনে খুব দ্রুত অন্যত্র সরানো বা নতুনভাবে মোতায়েন করা সম্ভব হচ্ছে, যা জরুরি প্রতিরক্ষা বা আক্রমণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানুয়ারির তুলনায় চলতি মাসের শুরুতে ওই অঞ্চলে বিমান ও অন্যান্য সামরিক সরঞ্জামের উপস্থিতিও লক্ষণীয়ভাবে বেড়েছে।
যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে সামরিক ঝুঁকি বহুগুণ বেড়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড ইতিমধ্যেই সতর্ক করে জানিয়েছে, ইরানে কোনো হামলা হলে তারা যেকোনো মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানতে প্রস্তুত। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক হুমকির বিষয়ে কঠোর অবস্থানে থাকলেও যুদ্ধ এড়াতে দুই পক্ষের মধ্যে কূটনৈতিক তৎপরতা এখনো অব্যাহত আছে। তবে এ বিষয়ে পেন্টাগন এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

