মার্কিন নিরাপত্তার সর্বোচ্চ ঝুঁকি ট্রাম্প: দ্য হিলের বিশ্লেষণ
মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস-সংযুক্ত গণমাধ্যম ‘দ্য হিল’ এক চাঞ্চল্যকর বিশ্লেষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুধুমাত্র একটি রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে নয়, বরং দেশটির জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে। ওই প্রতিবেদনে মত দেওয়া হয়েছে, ট্রাম্পের নীতিগত পদক্ষেপের প্রভাব মোকাবেলায় কংগ্রেসে রাজনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা এবং ক্ষমতার কাঠামোতে পরিবর্তন আনা জরুরি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ট্রাম্প প্রশাসনের নীতির কারণে রাশিয়া ও চীনের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর সামনে মার্কিন অবস্থান দুর্বল হয়ে পড়েছে। এমনকি বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের ক্ষমতা কমে যাওয়ায় ওই সব দেশের নেতৃত্ব প্রশংসাও করছেন। জাতীয় নিরাপত্তা খাতে ব্যাপক অভিজ্ঞতাসম্পন্ন জনবল কমানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়, এনএসএ এবং বিভিন্ন গোয়েন্দা প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। অভিজ্ঞ পেশাদারদের পরিবর্তে ট্রাম্প-অনুগত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে, যার ফলে নিরাপত্তা সংস্থাগুলো প্রকৃত হুমকির বদলে রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থের কাজে নিয়োজিত হয়ে পড়েছে।
পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও ট্রাম্পের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অবস্থান ক্ষুণ্ণ করেছে বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে। মিত্র রাষ্ট্রগুলোর ওপর বাণিজ্য শুল্ক আরোপ, ন্যাটো থেকে বিচ্ছিন্ন হওয়ার হুমকি এবং ইউক্রেনকে কম সমর্থন দেওয়ার মতো সিদ্ধান্ত মার্কিন মিত্রদের মধ্যে আস্থাহীনতা তৈরি করেছে। ‘দ্য হিল’ মনে করে, বর্তমান বিশ্ব বিচ্ছিন্নতাবাদের যুগ নয়। নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র নেটওয়ার্কের প্রয়োজন এবং এককভাবে কোনো দেশই বর্তমান বৈশ্বিক বাস্তবতায় নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম নয়।

