ঐতিহাসিক সৌদি সফরে যুবরাজ উইলিয়াম, জোরদার হবে দ্বিপাক্ষিক বাণিজ্য
সৌদি আরবের সাথে বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক নতুন করে জোরদার করতে রিয়াদে পৌঁছেছেন ব্রিটিশ যুবরাজ প্রিন্স উইলিয়াম। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) তিন দিনের এই সরকারি সফর শুরু করেন তিনি। এটি ব্রিটিশ রাজপরিবারের কোনো সদস্যের জন্য সৌদি আরবের প্রথম আনুষ্ঠানিক সফর। সফরের শুরুতেই সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সাথে এক বৈঠকে মিলিত হন তিনি।
শিগগিরই দুই দেশের মধ্যে কূটনীতিক সম্পর্কের শতবর্ষ পূর্তি উদযাপিত হবে। এর আগে বাণিজ্য, জ্বালানি ও বিনিয়োগ খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই এই সফরের আয়োজন করা হয়েছে। উপসাগরীয় অঞ্চলে সৌদি আরবকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে দেখছে লন্ডন। এর আগে গত ডিসেম্বরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও রিয়াদে সফর করেছিলেন।
প্রাচীন ও ঐতিহ্যবাহী স্থাপত্যের জন্য বিখ্যাত দিরিয়ার আত-তুরাইফ অঞ্চল পরিদর্শন দিয়ে যাত্রা শুরু করেন ব্রিটিশ যুবরাজ। এছাড়াও তিনি সৌদি আরবের টেকসই ও নাগরিক উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে ধারণা নেবেন এবং দেশটির তরুণ প্রজন্মের সাথে মতবিনিময় করবেন। নারীদের ক্রীড়া, ই-স্পোর্টস এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সৌদি আরবের অগ্রগতি দেখার জন্যও তার সফরসূচিতে রয়েছে বিশেষ ব্যবস্থা। সফরের শেষ পর্যায়ে তিনি প্রাচীন শহর আলুলায় যাবেন।
দীর্ঘদিন ধরেই দুই রাজপরিবারের মধ্যে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। রানি দ্বিতীয় এলিজাবেথের আমলে চারবার সৌদি রাজ পরিবার যুক্তরাজ্যে সফরে গিয়েছিলেন। ২০১৮ সালের মার্চে সর্বশেষ লন্ডনে দুই যুবরাজের দেখা হয়েছিল। সর্বশেষ অর্থবছরে দুই দেশের মোট দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ২৩ দশমিক এক বিলিয়ন ডলার।

