কর্মীর ভুলে ৪০ বিলিয়ন ডলারের বিটকয়েন বিতরণ, বিপাকে বিথাম্ব
দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ বিথাম্ব এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি। এক কর্মীর ভুলের কারণে গ্রাহকদের অ্যাকাউন্টে প্রায় ৪২ বিলিয়ন ডলারের বিটকয়েন পাঠিয়ে ফেলেছে প্রতিষ্ঠানটি। গত ৬ ফেব্রুয়ারি এক প্রচারণামূলক অনুষ্ঠানে এই মারাত্মক ভুলটি ঘটে। ওই ইভেন্টের পুরস্কার বিতরণের সময় সিস্টেমে ডলার বা কোরিয়ান ওনের পরিবর্তে সরাসরি বিটকয়েনের পরিমাণ লিখে দেওয়ায় এই বিপুল আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরি হয়।
জানা গেছে, ৬৯৫ জন গ্রাহককে মোট ৬ লাখ ২০ হাজার কোরিয়ান ওন (প্রায় ৪২৩ ডলার) দেওয়ার কথা ছিল। কিন্তু ভুলবশত ৬ লাখ ২০ হাজার বিটকয়েন পাঠিয়ে দেওয়া হয়, যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪২ বিলিয়ন ডলার। অবশ্য বিথাম্ব কর্তৃপক্ষ জানিয়েছে, অভ্যন্তরীণ হিসাব সংশোধনের মাধ্যমে ভুল লেনদেনের ৯৯ দশমিক ৭ শতাংশ ইতিমধ্যে ঠিক করা হয়েছে। তবে এখনো প্রায় ১৩ বিলিয়ন কোরিয়ান ওন বা ৯ মিলিয়ন ডলারের সমতুল্য অর্থ উদ্ধার করতে পারেনি তারা। কিছু সচেতন গ্রাহক ব্যাপারটি টের পেয়ে ওই বিটকয়েন দ্রুত বিক্রি বা উত্তোলন করে ফেলেছেন।
এই ঘটনা নিয়ে দেশটির আর্থিক তত্ত্বাবধায়ক সেবা (এফএসএস)-এর গভর্নর লি চান-জিন গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি একে একটি ‘বিপর্যয়কর’ ঘটনা বলে অভিহিত করেছেন এবং এক্সচেঞ্জগুলোর অভ্যন্তরীণ হিসাব ব্যবস্থায় গঠনগত দুর্বলতার কথা তুলে ধরেছেন। অন্যদিকে, অতিরিক্ত বিটকয়েন হাতিয়ে নেওয়া গ্রাহকদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া যাবে কি না তা নিয়ে আইনজীবীদের মধ্যে মতপার্থক্য রয়েছে। ২০২১ সালে দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট ক্রিপ্টোকারেন্সিকে ফৌজদারি আইনের আওতায় ‘সম্পত্তি’ হিসেবে গণ্য না করার রায় দেওয়ায় মামলা করা কঠিন হতে পারে।

