যুক্তরাষ্ট্র-বাংলাদেশ নতুন বাণিজ্য চুক্তিতে সংকটে ভারতের তৈরি পোশাক খাত
যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের টেক্সটাইল ও পোশাক শিল্পের ব্যবসায়ীরা। এই চুক্তির ফলে বাংলাদেশ থেকে তৈরি পোশাক বিনা শুল্কে মার্কিন বাজারে প্রবেশ করতে পারলে ভারতের রপ্তানি খাতে বড় ধরনের প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের ওপর ১৯ শতাংশ শুল্ক থাকায় বাংলাদেশের এই নতুন সুবিধা ভারতের জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে।
চুক্তির শর্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে নির্দিষ্ট পরিমাণ কাঁচামাল যেমন- তুলা বা সুতা আমদানির বিনিময়ে বাংলাদেশ তাদের তৈরি পোশাক মার্কিন বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পাবে। এর ফলে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে তুলা কিনে নিজেদের মিলে সুতা উৎপাদন করতে পারবে, যা ভারতীয় সুতার রপ্তানিতে বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করছেন কনফেডারেশন অব ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রির মহাসচিব চন্দ্রিমা চট্টোপাধ্যায়। উল্লেখ্য, চলতি ২০২৪-২৫ অর্থবছরে ভারত বাংলাদেশে ১৪৭ কোটি ডলারের তুলা সুতা রপ্তানি করেছে, যা তাদের সবচেয়ে বড় রপ্তানি বাজার।
তবে এই চুক্তির বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তুলেছেন তিরুপ্পুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কে. এম. সুব্রামানিয়ান। তিনি বলেন, বাংলাদেশি রপ্তানিকারকরা অল্প মার্কিন তুলা ব্যবহার করেও শতভাগ সুবিধা দাবি করতে পারেন এবং কাঁচামালের উৎস যাচাই করা কঠিন হতে পারে। ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের সঞ্জয় কে. জৈন মনে করেন, টি-শার্ট ও টপসের মতো ১০০ শতাংশ তুলাভিত্তিক পণ্যের বাজারে ভারত পিছিয়ে পড়তে পারে। অপরদিকে, বিদ্যুৎ সংকটের কারণে বাংলাদেশে মার্কিন তুলা থেকে সুতা উৎপাদন খরচবহুল হতে পারে, যার প্রভাব তেমন মারাত্মক নাও হতে পারে বলে মনে করছেন কোয়েম্বাতুরের একজন রপ্তানিকারক।

