বিজ্ঞাপন

কাশ্মীরে প্রথমবার ডিসেম্বরে টিউলিপ ফোটালেন বিজ্ঞানীরা, বাড়বে পর্যটন

প্রাইম বার্তা অনলাইন
১০ ফেব্রুয়ারি ২০২৬ ৫:৫৮ পিএম
কাশ্মীরে প্রথমবার ডিসেম্বরে টিউলিপ ফোটালেন বিজ্ঞানীরা, বাড়বে পর্যটন

কাশ্মীরে টিউলিপ চাষে এক নতুন অধ্যায় সূচিত হয়েছে। প্রথমবারের মতো শ্রীনগরের শের-ই-কাশ্মীর কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষামূলক বাগানে শীতকালীন মাস ডিসেম্বরেই টিউলিপের সফল ফলন দেখা গেছে। স্বাভাবিক সময়ের চার মাস আগেই এই ফুল ফোটায় উপত্যকায় নতুন করে আশা জন্মেছে যে, এখন থেকে ফুলের মৌসুম আরও দীর্ঘ হবে এবং ফুলভিত্তিক পর্যটন ব্যাপক হারে বিকশিত হবে। বিশ্ববিদ্যালয়ের ফ্লোরিকালচার বিভাগের প্রধান অধ্যাপক ইমতিয়াজ নাজকি জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে ৪ হাজার বাল্ব রোপণ করা হয়েছিল, যার মধ্যে প্রায় ৩ হাজার গাছে সফলভাবে ফুল এসেছে।

এই অসম্ভবকে সম্ভব করতে বিজ্ঞানীরা ব্যবহার করেছেন আধুনিক দুই প্রযুক্তি—‘বাল্ব প্রোগ্রামিং’ এবং ‘ফোর্সিং’। এই পদ্ধতিতে তাপমাত্রা, আলো এবং রাসায়নিক উপাদান নিয়ন্ত্রণ করে গাছকে তার স্বাভাবিক সময়ের বাইরে ফুল ফোটাতে বাধ্য করা হয়। যদিও নেদারল্যান্ডসে এই প্রযুক্তি আগে থেকেই প্রচলিত, তবে কাশ্মীর উপত্যকায় এটি প্রথমবারের মতো প্রয়োগ করা হলো। এর ফলে বড়দিন, নববর্ষ বা ভালোবাসা দিবসের মতো বিশেষ উপলক্ষে বাজারের চাহিদা মেটানো সহজ হবে বলে মনে করছেন কৃষিবিজ্ঞানীরা।

বিজ্ঞাপন

অধ্যাপক ইমতিয়াজ নাজকি মনে করেন, এই সাফল্য কাশ্মীরের পর্যটন শিল্পের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে। যদিও এটি এখনও পরীক্ষামূলক স্তরে রয়েছে, তবে বাণিজ্যিকভাবে এটি সফল করতে হলে এখন বড় উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। এই প্রযুক্তির সঠিক ব্যবহার হলে কাশ্মীরের ফুলচাষি এবং পর্যটন খাত দুই-ই লাভবান হবে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...