নির্বাচনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ পাকিস্তানের

প্রাইম বার্তা অনলাইন
৩০ ডিসেম্বর ২০২৫ ৩:২৭ এএম
নির্বাচনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ পাকিস্তানের

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন সম্পন্ন হওয়ার পর ঢাকার সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ বাড়াতে আগ্রহী ইসলামাবাদ। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০২৫ সালে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় সূচিত হবে। অতীতে আওয়ামী লীগ সরকার ও তার পূর্ববর্তী সরকারের সময় দ্বিপাক্ষিক সম্পর্ক ততটা সুষ্ঠু ছিল না উল্লেখ করে তিনি ভবিষ্যতে সম্পর্ক উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন।

গত আগস্টে ঢাকা সফরের অভিজ্ঞতা তুলে ধরে ইসহাক দার বলেন, তার ৩৬ ঘণ্টার বাংলাদেশ সফর খুবই আকর্ষণীয় ছিল। এ সময় তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং মন্ত্রিসভার উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছিলেন। এ সফরে তিনি বাংলাদেশে পাকিস্তানের প্রতি সদিচ্ছার ইঙ্গিত দেখেছেন জানিয়ে তিনি বলেন, আগামী মাসগুলোতে দুই দেশের সম্পর্ক আরও উন্নত হবে। প্রায় ১৩ বছর পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি ছিল তার প্রথম বাংলাদেশ সফর। এর আগে ২০১২ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী খার বাংলাদেশ সফর করেছিলেন।

এদিকে, রোববার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে বাণিজ্য, বিনিয়োগ ও বিমান চলাচলে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সাংস্কৃতিক, শিক্ষাগত ও চিকিৎসা খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। হাইকমিশনার জানান, গত বছরের তুলনায় দুই দেশের মধ্যে বাণিজ্য ২০ শতাংশ বেড়েছে এবং উভয় দেশের ব্যবসায়ীরা নতুন বিনিয়োগের সুযোগ খুঁজছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...