ভারত ম্যাচ বয়কটের হুমকিতে সেনাপ্রধান, পরে ইউ-টার্ন পাকিস্তানের
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি এক বিতর্কিত মন্তব্য করে ক্রীড়াঙ্গনে ঝড় তুলেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের হুমকি দিতে গিয়ে তিনি দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে প্রসঙ্গে আনেন। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিরুদ্ধে খেলতে রাজি হয়েছে পাকিস্তান।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সম্ভাব্য শাস্তির বিষয়ে প্রশ্নের জবাবে নাকভি দৃপ্ত অবস্থান ব্যক্ত করেন। তিনি জানান, ভারত বা আইসিসির কোনো হুমকিতেই তারা ভীত নন। এ সময় তিনি সেনাপ্রধানের উদাহরণ টেনে বলেন, ফিল্ড মার্শাল আসিম মুনির কখনোই ভয় পান না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আইসিসির নিষেধাজ্ঞার মুখে নিজেদের কঠোর অবস্থান তুলে ধরতেই এই সামরিক রেফারেন্স ব্যবহার করেছিলেন তিনি।
মহসিন নাকভির এই আপোসহীন বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার পর পাকিস্তান তাদের সিদ্ধান্ত থেকে সরে আসে। সরকারিভাবে জানানো হয়, ক্রিকেটের মহান চেতনা ও বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর অনুরোধের প্রেক্ষিতেই বয়কটের সিদ্ধান্ত বদলানো হয়েছে।
খেলাধুলার ময়দানে সামরিক বাহিনীর প্রভাব এবং অল্প সময়ের ব্যবধানে নীতি পরিবর্তনের কারণে এখন সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যম—সর্বত্র এই ইউ-টার্ন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

