অক্সফোর্ডের দেওয়ালে মালালা, নোবেলজয়ীর প্রতিকৃতি উন্মোচনে আবেগঘন পরিবেশ
নারী শিক্ষার অগ্রদূত ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মালালা ইউসুফজাইকে সম্মাননা জানিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লেডি মার্গারেট হলে (এলএমএইচ) স্থাপন করা হলো তার প্রতিকৃতি। শিল্পী ইসাবেলা ওয়াটলিং আঁকা এই ছবি উন্মোচনের মাধ্যমে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পর দ্বিতীয় কোনো পাকিস্তানি নারী হিসেবে হলের দেওয়ালে স্থান করে নিলেন মালালা।
হলের বার্ষিক ‘ফাউন্ডারস অ্যান্ড বেনেফেক্টরস ডিনার’-এ এই প্রতিকৃতির পর্দা উন্মোচন করা হয়। এসময় প্রায় ২০০ জন অতিথির সমাগম ছিল। অনুষ্ঠানে মালালার পরিবারের সদস্যরা—বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই, মা তূর পেকাই ইউসুফজাই, ভাই খুশাল খান ইউসুফজাই এবং স্বামী আসের মালিক উপস্থিত ছিলেন। মালালা এসময় বেনজির ভুট্টোর প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন এবং তাকে বিশ্বজুড়ে নারীদের অনুপ্রেরণা হিসেবে বর্ণনা করেন।
স্নাতকোত্তর শিক্ষার্থী হিসেবে নিজের অক্সফোর্ডের স্মৃতি তুলে ধরে মালালা বলেন, প্রথমে যখন তিনি এখানে এসেছিলেন তখন তার মনে সোয়াত উপত্যকার পাহাড় ছিল, কিন্তু এখন তিনি বুঝতে পেরেছেন যে মানুষ ও স্মৃতিই প্রকৃত ‘ঘর’। এছাড়াও আফগানিস্তানে তালেবানের শিক্ষাবিরোধী নীতির নিন্দা জানিয়ে তিনি মুসলিম রাষ্ট্রগুলোকে নারীদের অধিকারে সোচ্চার হওয়ার আহ্বান জানান। অক্সফোর্ড পাকিস্তান প্রোগ্রামের কর্মকর্তারা মনে করেন, এই প্রতিকৃতি পাকিস্তানি নারীদের জন্য অক্সফোর্ডের দরজা আরও প্রশস্ত করেছে এবং মেয়েদের শিক্ষার সংগ্রামের এক চিরস্মরণীয় দলিল হিসেবে থাকবে।

