বিশ্বজুড়ে ইসরায়েলি আগ্রাসন: ৬ দেশে ১০ হাজারের বেশি হামলা

প্রাইম বার্তা অনলাইন
৩০ ডিসেম্বর ২০২৫ ২:৪৬ এএম
বিশ্বজুড়ে ইসরায়েলি আগ্রাসন: ৬ দেশে ১০ হাজারের বেশি হামলা

২০২৫ সালে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ইসরায়েল সবচেয়ে বেশি সামরিক হামলা চালিয়েছে। আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা (এসিএলইডি)-এর পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত দখলদার এই রাষ্ট্রটি ছয়টি দেশের ভূখণ্ডে ১০ হাজার ৬৩১টি সরাসরি হামলা পরিচালনা করেছে। এছাড়া তিনটি দেশের জলসীমায়ও তাদের বোমাবর্ষণ অব্যাহত ছিল। এক বছরে এত বিস্তৃত ভৌগোলিক অঞ্চলজুড়ে সামরিক অভিযান চালানোকে ইতিহাসের অন্যতম বৃহৎ ঘটনা বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

ফিলিস্তিনি ভূখণ্ড ইসরায়েলি হামলার প্রধান লক্ষ্যবস্তু হিসেবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ৮ হাজার ৩৩২ বার হামলা চালিয়েছে তারা, যার মধ্যে গাজায় ৭ হাজার ২৪টি এবং পশ্চিম তীরে ১ হাজার ৩০৮টি আক্রমণ রয়েছে। গাজায় এই হামলাগুলোতে প্রাণ হারিয়েছেন ২৫ হাজারেরও বেশি মানুষ এবং আহত হয়েছেন প্রায় ৬২ হাজার। গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও তা অসংখ্যবার লঙ্ঘন করা হয়েছে, ফলে আরও অন্তত ৪০০ ফিলিস্তিনি নিহত ও ১১০০ জন আহত হয়েছেন।

অন্যান্য অঞ্চলের মধ্যে লেবাননে ১ হাজার ৬৫৩টি হামলা চালিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় গত নভেম্বরে যুদ্ধবিরতি হলেও দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করেনি তেল আবিব এবং সীমান্তের পাঁচটি চৌকিতে উপস্থিতি বজায় রেখেছে। অন্যদিকে, চলতি বছরের ১৩ জুন ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহানের পারমাণবিক স্থাপনাগুলোতে ২০০টি যুদ্ধবিমান দিয়ে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। ১২ দিনব্যাপী এই সংঘাতে ইরানে মোট ৩৭৯টি আক্রমণ হয়। এছাড়া সিরিয়া, ইয়েমেন, কাতার এবং তিউনিসিয়া, মাল্টা ও গ্রিসের জলসীমায়ও তাদের সামরিক তৎপরতা লক্ষ্য করা গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...