তাইওয়ান ঘিরে বিশাল সামরিক মহড়া চীনের, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি
স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও জাপানকে কড়া বার্তা দিতে পাঁচটি জোনে বিশাল সামরিক মহড়া শুরু করেছে চীন। পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) পূর্বাঞ্চলীয় কমান্ড ‘জাস্টিস মিশন ২০২৫’-এর অধীনে তাইওয়ান প্রণালী এবং দ্বীপটির চারপাশের আকাশ ও সমুদ্রসীমায় এই মহড়া পরিচালনা করছে। বিচ্ছিন্নতাবাদী শক্তি ও বহিরাগত হস্তক্ষেপ রোধে চীনের এই সামরিক পদক্ষেপকে কঠোর সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।
চীনের দূরপাল্লার রকেট বাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং ড্রোন ইউনিট এই মহড়ায় অংশ নিয়েছে। পিএলএ-এর মুখপাত্র শি ইয়ে জানান, শত্রুপক্ষের জাহাজ ও বিমান মোকাবিলায় তাদের যুদ্ধপ্রস্তুতি যাচাই করা হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন তাইওয়ানকে ১১০০ কোটি ডলার বা ১১ বিলিয়ন ডলার সমমূল্যের অস্ত্র বিক্রির ঘোষণা দেয়, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র সহায়তা। এছাড়া জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচিও তাইওয়ান ইস্যুতে হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান অভিযোগ করেন, বহিরাগত শক্তির এই প্রচেষ্টা অঞ্চলটিকে সামরিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। তিনি স্পষ্ট জানান, তাইওয়ান চীনের মূল স্বার্থের কেন্দ্রবিন্দু এবং সীমা লঙ্ঘন করলে দৃঢ় জবাব দেওয়া হবে। অন্যদিকে, চীনের এই পদক্ষেপকে একতরফা উস্কানি আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে তাইপেই। তাইওয়ানের প্রেসিডেন্ট কার্যালয় জানায়, তাদের সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং এই মহড়া আঞ্চলিক শান্তি বিনষ্ট করছে।

