বিজ্ঞাপন

মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি, ট্রাম্পের সামরিক পদক্ষেপে উত্তেজনা

প্রাইম বার্তা অনলাইন
১০ ফেব্রুয়ারি ২০২৬ ৮:৩০ এএম
মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি, ট্রাম্পের সামরিক পদক্ষেপে উত্তেজনা

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্য দিয়ে পারমাণবিক সমঝোতা নিয়ে আলোচনা চললেও সামরিক দিক থেকে দুই পক্ষই কোনো ছাড় দিতে নারাজ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি তেহরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেয়, তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রতিটি মার্কিন ঘাঁটি তাদের ব্যালিস্টিক মিসাইলের নিশানায় পরিণত হবে। তিনি বলেছেন, আমেরিকার মূল ভূখণ্ডে হামলা কঠিন হলেও এই অঞ্চলের ঘাঁটিগুলো তাদের আয়ত্তের মধ্যেই রয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের নৌবহর পাঠানোর ঘোষণার পর থেকেই এই পাল্টাপাল্টি হুমকি অব্যাহত রয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, ইরানের হাতে থাকা প্রায় দুই হাজার মিসাইলের ভাণ্ডার তাদের প্রধান শক্তি। খুররমশাহর ও সেজজিলের মতো উন্নত মিসাইল দিয়ে তারা কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক এবং সিরিয়ার মার্কিন ঘাঁটিগুলোতে সহজেই আঘাত হানতে সক্ষম। এমনকি তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটিও এই ঝুঁকির বাইরে নয়। এই পরিস্থিতিতে নিজেদের সুরক্ষায় পেন্টাগন ইতিমধ্যে মিত্র দেশগুলোতে থ্যাড ও প্যাট্রিয়ট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে।

বিজ্ঞাপন

সামরিক এই মহড়ার মধ্যেই ওমানে দুই পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনা অব্যাহত থাকলেও ইরান তাদের অবস্থানে অটল রয়েছে। আরাঘচি জানিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে তারা কোনো আপস করবে না। তাদের দাবি, এগুলো তাদের জাতীয় নিরাপত্তার অপরিহার্য অংশ। ইরানের এই হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে যেকোনো বড় সংঘাত এড়াতে ওয়াশিংটনকে সতর্ক অবস্থানে থাকতে হচ্ছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...