বিজ্ঞাপন

ভূমধ্যসাগরের ভয়াবহ নৌকাডুবি: শিশুসহ ৫৩ অভিবাসীর মৃত্যুর শঙ্কা

প্রাইম বার্তা অনলাইন
০৯ ফেব্রুয়ারি ২০২৬ ৬:১৩ পিএম
ভূমধ্যসাগরের ভয়াবহ নৌকাডুবি: শিশুসহ ৫৩ অভিবাসীর মৃত্যুর শঙ্কা

ইউরোপে পৌঁছানোর স্বপ্ন নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে লিবিয়া উপকূলে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় দুই শিশুসহ অন্তত ৫৩ জনের প্রাণহানি ঘটেছে। গত ৬ ফেব্রুয়ারি লিবিয়ার জুয়ারা উপকূলের কাছে এই দুর্ঘটনা ঘটলেও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সোমবার এ তথ্য নিশ্চিত করেছে। ওই নৌকায় মোট ৫৫ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে মাত্র দুইজনকে জীবিত উদ্ধার করা গেছে।

আইওএম সূত্রে জানা গেছে, আফ্রিকার বিভিন্ন দেশের শরণার্থী ও অভিবাসীদের বহনকারী এই নৌকাটি ৫ ফেব্রুয়ারি দিবাগত রাত ১১টায় লিবিয়ার আল-জাওইয়া থেকে যাত্রা শুরু করে। যাত্রার মাত্র ছয় ঘণ্টা পরই উত্তর-পশ্চিম লিবিয়ার উপকূলে সাগরে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে এটি উল্টে যায়। দুর্ঘটনায় বেঁচে যাওয়া দুই ব্যক্তিকে উদ্ধার করে তীরে আনা হয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় তাদের জরুরি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

এই ঘটনায় চলতি বছর মধ্যভূমধ্যসাগরীয় রুটে মৃত বা নিখোঁজের সংখ্যা বেড়ে ৪৮৪ জনে দাঁড়িয়েছে। আইওএমের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে এই ঝুঁকিপূর্ণ পথে ইতিমধ্যেই কমপক্ষে ১ হাজার ৩০০ জন নিখোঁজ হয়েছেন। গত জানুয়ারি মাসেও প্রতিকূল আবহাওয়ায় একাধিক নৌকাডুবিতে ৩৭৫ জনের প্রাণহানি ঘটেছে। সংস্থাটি জানায়, ইউরোপগামী এই মানবিক সংকটের প্রকৃত চিত্র আরো ভয়াবহ হতে পারে কারণ অনেক দুর্ঘটনাই নথিভুক্ত হয় না।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...