পর্তুগালের নতুন রাষ্ট্রপতি সেগুরো, ডানপন্থি প্রতিদ্বন্দ্বীকে ব্যবধানে হারালেন
দক্ষিণ-পশ্চিম ইউরোপের রাষ্ট্র পর্তুগালে নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়েছেন সোশ্যালিস্ট পার্টির প্রার্থী আন্তোনিও হোসে সেগুরো। গত রোববার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থি নেতা আন্দ্রে ভেনতুরাকে বিশাল ব্যবধানে পরাজিত করেছেন। প্রায় ৯৯ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, ৬৩ বছর বয়সী সেগুরো ৬৬ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছেন, যা তাকে আগামী পাঁচ বছরের জন্য দেশটির সর্বোচ্চ পদে অধিষ্ঠিত করতে যথেষ্ট।
পর্তুগালের রাজনৈতিক ইতিহাসে গত ৪০ বছরের মধ্যে এই প্রথমবার কোনো প্রেসিডেন্ট নির্বাচনের ভোট দ্বিতীয় দফায় গড়িয়েছে। যদিও পরাজিত হয়েছেন, তবুও ৪৩ বছর বয়সী আন্দ্রে ভেনতুরা দেশটির রাজনীতিতে ডানপন্থী শক্তির উত্থান ঘটিয়েছেন। গত নির্বাচনের তুলনায় এবার তার দল ‘চেগা’র প্রাপ্ত ভোট বেড়ে দাঁড়িয়েছে ৩৩ শতাংশের বেশি। এছাড়া ভোটের আগে দেশটিতে ভয়াবহ ঝড় ও বন্যার কারণে তিনটি পৌরসভায় ভোটগ্রহণ স্থগিত করা হলেও সামগ্রিক ফলাফলে তা কোনো প্রভাব ফেলেনি।
বিজয়ের পর সেগুরো দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, তিনি সব মতাদর্শের মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করবেন এবং গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডার লিয়েন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তাকে অভিনন্দন জানিয়েছেন। আগামী মার্চ মাসে তিনি বর্তমান প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসার স্থলাভিষিক্ত হবেন।

