জাপানে ভূমিধস জয়, নিম্নকক্ষে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেল তাকাইচির দল
জাপানের সাধারণ নির্বাচনে ঐতিহাসিক বিজয় পেয়েছেন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দল লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)। গত রোববার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ভোটে পার্লামেন্টের নিম্নকক্ষের ৪৬৫টি আসনের মধ্যে এলডিপি এখন পর্যন্ত ৩৫২টি আসনে জয়ী হয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৩৩টি আসনের বাধ্যবাধকতা সহজেই পার করে তারা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
দলীয় নেতা হওয়ার মাত্র চার মাসের মাথায় এই নির্বাচনের ডাক দেন তাকাইচি। দলের ভেতরে তহবিল জালিয়াতি ও ধর্মীয় কেলেঙ্কারির কারণে সৃষ্ট সংকট এবং দীর্ঘদিনের মিত্র কুমেইতো দলের সঙ্গে জোট ভেঙে যাওয়ার পরও তার এই সিদ্ধান্তকে অনেকেই ঝুঁকিপূর্ণ মনে করেছিলেন। তবে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তার ব্যক্তিগত জনপ্রিয়তা এবং সরকারের প্রতি ৭০ শতাংশের বেশি জনসমর্থন দলকে এই বিজয় এনে দিতে সহায়তা করেছে। ফলাফলের প্রাথমিক দৃশ্যপটে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা ক্রমাগত একটি দায়িত্বশীল ও সক্রিয় আর্থিক নীতির গুরুত্বের ওপর জোর দিয়েছি। আমরা আর্থিক নীতির স্থায়িত্বকে অগ্রাধিকার দেব এবং প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করব।’
তাকাইচির এই সাফল্য তার পূর্বসূরিদের ব্যর্থতার এক বৈপরীত্য হিসেবে দেখা হচ্ছে। দুর্নীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে গত দুই প্রধানমন্ত্রীর আমলে এলডিপি সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিল। অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে শক্তিশালী কোনো বিরোধী দলের অভাবে জাপানে এলডিপি নেতৃত্বাধীন সরকারই দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছে এবং এই জয়ের মাধ্যমে তারা সেই ধারাবাহিকতা আবারও ধরে রাখল।

