বাংলাদেশসহ ১৭ দেশ পাচ্ছে যুক্তরাষ্ট্রের জাতিসংঘ তহবিলের সহায়তা

প্রাইম বার্তা অনলাইন
২৯ ডিসেম্বর ২০২৫ ১১:২১ পিএম
বাংলাদেশসহ ১৭ দেশ পাচ্ছে যুক্তরাষ্ট্রের জাতিসংঘ তহবিলের সহায়তা

মানবিক সহায়তার জন্য জাতিসংঘকে দুই বিলিয়ন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই তহবিলের আওতায় প্রাথমিকভাবে বাংলাদেশসহ মোট ১৭টি দেশ সহায়তা পাবে। তবে এই অনুদানের সাথে শর্ত যুক্ত করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তারা সতর্ক করে দিয়েছে, জাতিসংঘের বিভিন্ন সংস্থাকে ব্যয় কমিয়ে আগামী দিনে ছোট আকারে কাজ করতে হবে, না হলে অস্তিত্ব সংকটে পড়তে হবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির পরিবর্তনের অংশ হিসেবে এই সহায়তার পরিমাণ অতীতের তুলনায় অনেক কম। একটি আম্ব্রেলা ফান্ড বা ছাতা তহবিলের মাধ্যমে এই অর্থ বিতরণ করা হবে, যা জাতিসংঘ জুড়ে ব্যাপক সংস্কারের দাবির অংশ। বাংলাদেশের পাশাপাশি কঙ্গো, হাইতি, সিরিয়া এবং ইউক্রেনও এই সুবিধা পাবে। তবে বিশ্বের অন্যতম সংকটাপন্ন দেশ আফগানিস্তান এবং ফিলিস্তিনি অঞ্চলকে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ফিলিস্তিনের জন্য আলাদা শান্তি পরিকল্পনা থেকে সহায়তা আসার কথা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

সমালোচকদের মতে, পশ্চিমা বিশ্বের এই সহায়তা কমানোর ফলে বিশ্বব্যাপী লাখ লাখ মানুষ ক্ষুধা ও বাস্তুচ্যুতির মতো মারাত্মক ঝুঁকিতে পড়বে। যদিও ট্রাম্প প্রশাসন দাবি করেছে, এই অনুদান যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে বড় মানবিক দাতা হিসেবে প্রতিষ্ঠিত করবে। তথ্য মতে, গত বছরগুলোতে যুক্তরাষ্ট্র জাতিসংঘ কর্মসূচিতে প্রায় ১৭ বিলিয়ন ডলার পর্যন্ত সহায়তা দিয়েছিল, যা এখন নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...