যুদ্ধের হুমকিতেও পিছু হটছে না তেহরান, জোরালো অবস্থান আরাগচির

প্রাইম বার্তা অনলাইন
০৮ ফেব্রুয়ারি ২০২৬ ৮:৩৪ পিএম
যুদ্ধের হুমকিতেও পিছু হটছে না তেহরান, জোরালো অবস্থান আরাগচির

যুক্তরাষ্ট্রের প্রচণ্ড কূটনৈতিক ও সামরিক চাপ উপেক্ষা করে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে এক চুলও সরে যাবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ওমানে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকের মাত্র দুই দিন পর তেহরানে এক ফোরামে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান। আরাগচি স্পষ্ট করে দিয়েছেন, কোনো বিদেশি শক্তির পক্ষেই ইরানের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের অধিকার কেড়ে নেওয়া সম্ভব হবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক ইস্যুতে নতুন চুক্তি আদায়ে সামরিক শক্তির জোর প্রয়োগ অব্যাহত রেখেছেন। এমনকি ফার্সি উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবহরের বৃদ্ধি এবং সাম্প্রতিক সামরিক মহড়া তেহরানকে ভীত করতে পারছে না বলেও দাবি করেন তিনি। আরাগচির মতে, অতীতে ইরানকে এই পথে আসতে অনেক বড় মূল্য দিতে হয়েছে, তাই বাইরের কোনো চাপ বা যুদ্ধের হুমকি তাদের এই অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না।

পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার খুব কাছে পৌঁছে যাওয়ার প্রমাণ হিসেবে গত বছর ইরান ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছিল, যা আইএইএ-এর মতে বোমা না থাকা কোনো রাষ্ট্রের জন্য অভূতপূর্ব। অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের সাথে যেকোনো আলোচনায় এখন শুধু পরমাণু ইস্যু নয়, ব্যালেস্টিক মিসাইল, মিত্র গোষ্ঠী এবং মানবাধিকারও প্রাধান্য পাবে। এই দ্বন্দ্বের মধ্যে দুই পক্ষের অনমনীয় অবস্থানের কারণে অঞ্চলজুড়ে দীর্ঘমেয়াদী উত্তেজনা বিরাজ করার আশঙ্কা তৈরি হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...