ওয়াশিংটনের চাপেও পিছু হটছে না ইরান, অব্যাহত থাকবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ
যুক্তরাষ্ট্রের চরম কূটনৈতিক ও সামরিক চাপ উপেক্ষা করেই নিজেদের পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। তেহরানে এক অনুষ্ঠানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট জানিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থেকে তারা এক চিলতেও পিছু হটবে না এবং কোনো বিদেশি শক্তির পক্ষে ইরানের সার্বভৌম সিদ্ধান্ত নির্ধারণ করা সম্ভব নয়। ওমানে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে বৈঠকের মাত্র দুই দিন পর তিনি এই কঠোর অবস্থানের কথা জানান।
আরাগচি জানান, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির জন্য ইরানকে অনেক বড় মূল্য দিতে হয়েছে। তিনি উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবহরের সাম্প্রতিক মোতায়েন এবং সামরিক শক্তি প্রদর্শনকে বাস্তবতার সাথে সম্পর্কহীন বলে উড়িয়ে দেন। এর আগে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উপাদানের খুব কাছে পৌঁছে যায় এমন ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছিল, যা নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) গভীর উদ্বেগ প্রকাশ করেছিল।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন চুক্তির জন্য সামরিক হুমকির রাজনীতি অব্যাহত রেখেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করেছেন যে, ইরানের সাথে যেকোনো আলোচনায় শুধু পারমাণবিক ইস্যু নয়, ব্যালেস্টিক মিসাইল ও আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর বিষয়ও অন্তর্ভুক্ত থাকতে হবে। এমতাবস্থায়, তেহরানের এই অনমনীয় মনোভাব এবং ওয়াশিংটনের বহুমুখী শর্তের কারণে দুই দেশের মধ্যকার উত্তেজনা আরও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

