যুক্তরাষ্ট্রের হুমকিতেও ইউরেনিয়াম সমৃদ্ধ অব্যাহত রাখার ঘোষণা ইরানের
ওয়াশিংটনের প্রবল কূটনৈতিক ও সামরিক চাপ উপেক্ষা করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথ থেকে একচুলও সরে আসবে না বলে জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ওমানে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে বৈঠকের মাত্র দুই দিন পর তেহরানে এক ফোরামে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান। আরাগচি স্পষ্ট ভাষায় বলেন, ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হলেও তারা তাদের অধিকার থেকে বিচ্যুত হবে না, কারণ কোনো বিদেশি শক্তির এককভাবে তাদের আচরণ নির্ধারণ করার ক্ষমতা নেই।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির জন্য তাদের ইতোমধ্যে অনেক বড় মূল্য দিতে হয়েছে। তিনি জানান, উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর সাম্প্রতিক মোতায়েন এবং সামরিক শক্তি প্রদর্শন তেহরানের নীতিতে কোনো পরিবর্তন আনতে পারবে না। এর আগে ইরান ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছিল, যা পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন চুক্তি আদায়ের লক্ষ্যে বারবার সামরিক হুমকি দিয়ে আসছেন, যা ইরানকে দমাতে পারেনি বলেও দাবি করেন তিনি।
অপরদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত সপ্তাহে জানিয়েছেন, ইরানের সাথে যেকোনো আলোচনায় পারমাণবিক ইস্যুর পাশাপাশি ব্যালিস্টিক মিসাইল ও মানবাধিকার বিষয়টিও অগ্রাধিকার পাবে। তেহরানের এই অনড় অবস্থান এবং ওয়াশিংটনের বহুমুখী শর্তের কারণে দুই দেশের মধ্যকার এই উত্তেজনা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

