যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে পারমাণবিক পথেই হাঁটবে ইরান
ওয়াশিংটনের প্রচণ্ড কূটনৈতিক ও সামরিক চাপ সত্ত্বেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথ থেকে সরে আসবে না ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো বিদেশি শক্তির ইরানের অভ্যন্তরীণ বা বাহ্যিক নীতি নির্ধারণ করার ক্ষমতা নেএ। ওমানে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে বৈঠকের মাত্র দুই দিন পর তেহরানে এক ফোরামে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান।
আরাগচি জানান, উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর বৃদ্ধি এবং সামরিক মহড়া তেহরানকে ভীত করতে পারেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নতুন চুক্তি আদায়ের জন্য বারবার সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিচ্ছেন, তখন ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য বিশ্ব দরবারে তাদের অনড় অবস্থানের বার্তা দিল। তিনি জোর দিয়ে বলেন, নিজেদের নিরাপত্তা ও অধিকারের স্বার্থে তারা ইতিমধ্যেই অনেক মূল্য দিয়েছে এবং শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি থেকে তারা একচুলও সরে যাবে না।
এদিকে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ইরানের উচ্চ মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গত বছর ইরান ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছিল, যা অস্ত্র তৈরির সক্ষমতার খুব কাছাকাছি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের সাথে কোনো আলোচনায় তাদের মিসাইল কর্মসূচি ও মানবাধিকার ইস্যুও অগ্রাধিকার পাবে। এমতাবস্থায় দুই দেশের মধ্যকার এই টানাপোড়েন আগামী দিনেও অব্যাহত থাকবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

