জাপানে নির্বাচনী লড়াইয়ে তাকাইচি, জয়ের ব্যাপক সম্ভাবনা ক্ষমতাসীন জোটের
জাপানে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই আগাম নির্বাচনে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন রক্ষণশীল জোট বড় ধরনের বিজয় পেতে যাচ্ছে বলে জনমত জরিপে ইঙ্গিত মিলেছে। নির্বাচনে জয়ী হলে প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি এবং কঠোর অভিবাসন নীতির মতো উচ্চাকাঙ্ক্ষী কর্মসূচি বাস্তবায়ন করতে চান তিনি।
জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী ৬৪ বছর বয়সী তাকাইচি গত অক্টোবরে এলডিপির নেতা হিসেবে দায়িত্ব নেন। ‘কাজ, কাজ, কাজ’—এই স্লোগান নিয়ে তরুণ ভোটারদের মন জয়ের চেষ্টা করেছেন তিনি। জরিপ মতে, তার দল এলডিপি এবং জাপান ইনোভেশন পার্টির (ইশিন) জোট সংসদের নিম্নকক্ষের ৪৬৫টি আসনের মধ্যে ৩০০টিরও বেশি আসনে জয় পেতে পারে, যা বর্তমানে ২৩৩টি। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, এলডিপি সংখ্যাগরিষ্ঠতা না পেলে তিনি পদত্যাগ করবেন। অন্যদিকে, বিরোধী দলগুলো মধ্যপন্থি জোট গঠন করলেও কার্যকর কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।
নির্বাচনী প্রচারণায় সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক মন্দা। মূল্যস্ফীতি বাড়লেও মজুরি না বাড়ার কারণে সাধারণ মানুষ আর্থিক চাপে রয়েছেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর দেশটির অর্থনীতি ১ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি পেলেও ২০২৬ সালে তা ০ দশমিক ৭ শতাংশে নেমে আসতে পারে। ২৮৯টি একক আসনে সরাসরি ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করা হচ্ছে এবং স্থানীয় সময় রাত ৮টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর এক্সিট পোলের ফলাফল প্রকাশ পাবে।

