বাংলাদেশে নিপা ভাইরাসে মৃত্যু, আন্তর্জাতিক ঝুঁকি ‘কম’
বাংলাদেশের নওগাঁ জেলায় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জারি করা এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গত জানুয়ারিতে ওই নারীর মৃত্যু হলেও বর্তমানে এ রোগটি আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ার ঝুঁকি খুবই কম।
আন্তর্জাতিক স্বাস্থ্য বিধিমালা অনুযায়ী গত ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর ডব্লিউএইচওকে এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। জানা গেছে, রাজশাহী বিভাগের ওই ৪০ থেকে ৫০ বছর বয়সী নারীর কোনো বিদেশ ভ্রমণের ইতিহাস নেই। তবে তিনি কাঁচা খেজুরের রস পান করেছিলেন, যা এই ভাইরাসের অন্যতম প্রধান বাহক। গত ২১ জানুয়ারি তিনি জ্বর ও স্নায়বিক উপসর্গে ভুগলে হাসপাতালে ভর্তি হন এবং পরে মারা যান। পরবর্তীতে ল্যাবরেটরি পরীক্ষায় তার দেহে নিপা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ওই নারীর সংস্পর্শে আসা ৩৫ জনের নমুনা পরীক্ষা করা হলেও আর কারো মধ্যে এ সংক্রমণ পাওয়া যায়নি।
এর আগে ভারতের পশ্চিমবঙ্গেও এ ভাইরাসের দুটি ঘটনা ধরা পড়ায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সতর্কতা জারি করা হয়েছে। তবে ডব্লিউএইচও জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভ্রমণ বা বাণিজ্যিক কার্যক্রমে কোনো নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজন নেই। সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস বলেছেন, নিপা একটি বিরল কিন্তু প্রাণঘাতী রোগ, তবে এর বিস্তার রোধে সংশ্লিষ্ট দেশগুলো ইতিমধ্যে পর্যবেক্ষণ ও জনসচেতনতামূলক পদক্ষেপ জোরদার করেছে।

