৩৬ ঘণ্টায় ৮০ ড্রোন, অবশেষে ‘অপারেশন সিঁদুর’ স্বীকার ইসলামাবাদের

প্রাইম বার্তা অনলাইন
২৯ ডিসেম্বর ২০২৫ ৮:৪৩ পিএম
৩৬ ঘণ্টায় ৮০ ড্রোন, অবশেষে ‘অপারেশন সিঁদুর’ স্বীকার ইসলামাবাদের

চলতি বছরের মে মাসে ভারতের সঙ্গে সংঘটিত চার দিনের সংঘাতের আট মাস পর ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ করল পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিঁদুর’-এর আওতায় ইসলামাবাদের অন্যতম গুরুত্বপূর্ণ নূর খান বিমান ঘাঁটিতে ৩৬ ঘণ্টার মধ্যে ৮০টি বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করা হয়েছিল, যার ফলে ঘাঁটিটির ব্যাপক ক্ষতি হয়েছে।

শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে ইসহাক দার বলেন, আক্রমণকারী ৮০টি ড্রোনের মধ্যে ৭৯টিই পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম হয়েছিল। তবে একটি ড্রোন লক্ষ্যভেদে সফল হয়। এই হামলার জেরে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ নামে পাল্টা অভিযান চালায় এবং দাবি করে, ৭ মে বিমানযুদ্ধে তারা ভারতের তিনটি রাফাল, একটি সু-৩০ ও একটি মিগ-২৯ সহ মোট সাতটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

যুদ্ধ বন্ধ করতে মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যস্থতা ছিল নির্ণায়ক ভূমিকা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ১০ মে সকালে ইসহাক দারকে ফোন করে ভারতের যুদ্ধবিরতির প্রস্তাব জানান। এরপর সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান নয়াদিল্লির সঙ্গে কথা বলে দুই পক্ষকে যুদ্ধবিরতিতে আনতে সক্ষম হন। গত এপ্রিলে কাশ্মীরে সন্ত্রাসী হামলার অভিযোগে উত্তেজনা শুরু হলেও, দীর্ঘদিন পর এই বক্তব্যের মাধ্যমে ইসলামাবাদ তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...