২০২৬ সালের হজের ভিসা আবেদন শুরু, বাধ্যতামূলক ফিটনেস সনদ

প্রাইম বার্তা অনলাইন
০৮ ফেব্রুয়ারি ২০২৬ ৪:৩৫ এএম
২০২৬ সালের হজের ভিসা আবেদন শুরু, বাধ্যতামূলক ফিটনেস সনদ

আগামী ২০২৬ সালের (১৪৪৭ হিজরি) পবিত্র হজ পালনের জন্য আজ রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে ভিসা ইস্যু শুরু করেছে সৌদি আরব। হাজিদের সেবার মান নিশ্চিত ও প্রক্রিয়া সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এরই মধ্যে বিদেশি হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সব ধরনের সেবা ও আবাসন চুক্তি চূড়ান্ত করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় সাত লাখ ৫০ হাজার হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে ৩০ হাজার জন তাদের নিজ দেশ থেকে সরাসরি হজ প্যাকেজ বুক করেছেন। ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কায় আবাসনের সব ধরনের ব্যবস্থা পূর্ণ করা হয়েছে। আন্তর্জাতিক হাজিদের সেবার জন্য ৪৮৫টি ক্যাম্প বরাদ্দ দেওয়া হয়েছে এবং ৭৩টি হজ অফিস তাদের প্রাথমিক প্রস্তুতি শেষ করেছে।

বাংলাদেশ থেকে যাওয়া সব সরকারি ও বেসরকারি হজযাত্রীকে সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিশ্চিত করে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। সৌদি আরবের নির্দেশনা অনুযায়ী, আগামী ২০ মার্চের মধ্যে এই ফিটনেস সনদসহ ভিসার আবেদন করতে হবে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রীকে ভিসা প্রদান করা হবে না।

চাঁদ দেখা সাপেক্ষে এবারের পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে আগামী ২৬ মে। এর আগে আগামী ১৮ এপ্রিল থেকে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট পরিচালনা শুরু হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...